নবনির্বাচিত ছয় বিধায়কের শপথ বাক্য পাঠ করলেন রাজ্যপাল
Governor administers oath to six newly elected MLAs
Truth Of Bengal: সব বিতর্কের অবসান। রাজভবনে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উপনির্বাচনি বিজয়ী হয় বিধায়কের শপথ বাক্য পাঠ করলেন তিনি। অনন্য সৌজন্যে নজির সৃষ্টি হল বিধানসভায়। রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই ছয় কেন্দ্র থেকে বিজয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। তাঁদের শপথ গ্রহণ ঘিরেও কি নতুন করে বিতর্ক দানা বাঁধবে সেই প্রশ্ন দেখা দিয়েছিল।
কারণ এর আগে বারবার বিতর্ক দানা বেঁধেছিল শপথ বাক্য পাঠ করানো নিয়ে। এবার সৌজন্যের নজির। রাজ্যপাল এলেন বিধানসভা এবং শপথ বাক্য পাঠ করালেন নবনির্বাচিত বিধায়কদের। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যে শিল্পমন্ত্রী শশী পাঁজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এক এক করে নবনির্বাচিত ৬ বিধায়ককে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এর আগেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছিলেন শপথ বাক্য পাঠ করানোর বিষয়টি নিয়ে। রাজভবন থেকে জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্যপাল বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করাবেন। সেইমতো সোমবার রাজ্য বিধানসভা এসে তিনি নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করালেন। উপনির্বাচনে বিজয়ী ৬ নতুন বিধায়কের শপথ গ্রহণের পালা। এর আগে বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে বিধানসভার দ্বন্দ্ব দেখা গিয়েছে বারেবারে।

বরানগর এবং ভগবানগোলা থেকে নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে টানাপোড়েন অন্য মাত্রা পেয়েছিল। তারও আগে বালিগঞ্জ থেকে উপনির্বাচনে নির্বাচিত তৃণমূলের বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ নিয়েও চরম বিতর্ক দানা বেঁধেছিল। বিতর্ক তৈরি হয়েছিল ধূপগুড়ি থেকে নির্বাচিত তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ ঘিরেও। এবার সেই বিতর্ক মিটতে চলেছে।

বাংলায় রাজ্যপালের দু’বছর পূর্তিতে সেই উপলক্ষে সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফল ও মিষ্টি পাঠিয়েছিলেন। আবার সৌজন্য বজায় রেখে মুখ্যমন্ত্রীও রাজ্যপালকে মিষ্টি ও ফুল পাঠান। ঘটনাচক্রে ওই দিন ছয় বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশ পায়। সবকটি কেন্দ্রে বিজয়ী হয় তৃণমূল প্রার্থীরা। সদ্য নির্বাচিত ছয় বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান বিধানসভাতেই হল এবং শপথ গ্রহণ করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।






