রাজ্যের খবর

প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত

Former prison minister Biswanath Chowdhury passed away

The Truth of Bengal : শনিবার সকাল পৌনে ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বনাথ চৌধুরী। বয়স হয়েছিল ৮৩ বছর।
রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা চলছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানেই এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চৌত্রিশ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ চৌধুরী। ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কারা ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি।
বিশ্বনাথ চৌধুরী প্রথম বার বিধায়ক হন ১৯৭৭ সালে।২০১১ সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে হেরে গিয়েছিলেন এই বর্ষীয়ান বাম নেতা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ছিল তাঁর গড়। এই বিধানসভা কেন্দ্রের সাত বারের বিধায়ক ছিলেন তিনি। আরএসপির প্রথম সারির নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। বামফ্রন্ট সরকারের অন্যতম প্রধান মুখ ছিলেন এই বাম নেতা।
প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলান বিশ্বনাথবাবু। বাম আমলে ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন।

“উনি আমার বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভালো ছিল” – শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রাক্তন কারামন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শোকবার্তায় তিনি লিখেছেন,
“রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দু:খিত।

উনি আমার বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। ওঁনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওঁনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোনো প্রচেষ্টাই কাজে এলো না।

এই দু:খের দিনে আমি ওঁনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের আমার আন্তরিক সহমর্মিতা জানাই।

প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকারী যে যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা ররেছে সেখানে অর্ধদিবস ছুটি থাকবে।”

রাজনৈতিক জীবনে সামলেছেন একাধিক দায়িত্ব, জানুন বিশ্বনাথ চৌধুরীর জীবনপঞ্জি

অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার বাম-গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা নেতৃত্ব এবং
আর এস পি কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রাক্তন রাজ্য সম্পাদক, বামফ্রন্ট সরকারের কারা ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর সংগ্রামী জীবনের আজ অবসান হয়েছে। আজ সকাল ৬ টা ৪০ মিনিটে
এস এস কে এম হাসপাতালে তিনি প্রয়াত হন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ছাত্র জীবন থেকেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। বালুরঘাট কলেজে পি এস ইউ’র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ওই কলেজে তিনবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে জেলার বাম ও গণ আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৭৭ সালে তিনি বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত দীর্ঘকাল তিনি বালুরঘাটের বিধায়ক ছিলেন। ১৯৮৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দীর্ঘকাল তিনি বামফ্রন্ট মন্ত্রীসভার সদস্য ছিলেন। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি আর এস পি রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।