তীব্র গরমে সরকারি প্রকল্পের লাইনে নাজেহাল জনতা, অণ্ডালে জল-বাতাসা বিলি তৃণমূলের
লাইনে দাঁড়ানো কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হল ঠান্ডা জল এবং গুড়-বাতাসা।
Truth Of Bengal: চৈত্র-বৈশাখের শুরুতেই বাড়তে থাকা গরমের দাপট। তার মধ্যেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে অণ্ডাল বিডিও অফিসে উপচে পড়া ভিড়। লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী বা খেতমজুরদের ভাতার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের কষ্ট লাঘব করতে অভিনব উদ্যোগ নিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। লাইনে দাঁড়ানো কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হল ঠান্ডা জল এবং গুড়-বাতাসা।
পশ্চিম বর্ধমানের অণ্ডাল বিডিও অফিসে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে যুবতী, মহিলা এবং খেতমজুররা সরকারি পরিষেবার জন্য লাইনে দাঁড়িয়েছেন। মাথার ওপর চড়া রোদ আর দীর্ঘ প্রতীক্ষায় অনেকেই অসুস্থ বোধ করছিলেন। সাধারণ মানুষের এই ভোগান্তি কমাতে এগিয়ে আসেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া। স্থানীয় তৃণমূল কর্মীদের সাথে নিয়ে তিনি নিজে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের হাতে জল ও গুড়-বাতাসা পৌঁছে দেন।
এই উদ্যোগ প্রসঙ্গে বিষ্ণুদেও নুনিয়া বলেন, “রাজ্য সরকারের পরিষেবা নিতে আসা মানুষ যাতে কোনো সমস্যার মুখে না পড়েন, সেটাই আমাদের লক্ষ্য। প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে অনেকেই ক্লান্ত হয়ে পড়ছেন। আমাদের মানবিক সরকার সবসময় মানুষের পাশে থাকার শিক্ষা দেয়। সেই দায়বদ্ধতা থেকেই আমরা এই সামান্য জল ও বাতাসা বিতরণের আয়োজন করেছি।” তিনি আরও জানান, লাইনে দাঁড়ানো কারোর অন্য কোনো শারীরিক সমস্যা হলে তারও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা রাখা হয়েছে।
তৃণমূলের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে তৃষ্ণার্ত অবস্থায় এই পরিষেবা পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা প্রবীণ ও মহিলারা এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।






