রাজ্যের খবর

স্বামীকে ছাড়াতে থানায় হামলার ছক? ফলতা কাণ্ডে এবার গ্রেফতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী

জাহাঙ্গির খানকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়ানোর দাবিতে ফলতায় যে বিক্ষোভ ও থানা ঘেরাও হয়েছিল, তার সামনের সারিতে ছিলেন রেজিনা বিবি

Truth of Bengal: ফলতা কাণ্ডে এবার গ্রেপ্তার হলেন ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবি। গত কয়েক দিন ধরে তাঁর খোঁজ মিলছিল না। শনিবার সকালে ফলতা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অভিযোগ, স্বামীকে থানা থেকে ছাড়িয়ে আনার পরিকল্পনার নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। তাঁর বিরুদ্ধেও আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গির খানকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়ানোর দাবিতে ফলতায় যে বিক্ষোভ ও থানা ঘেরাও হয়েছিল, তার সামনের সারিতে ছিলেন রেজিনা বিবি। অভিযোগ, তাঁর নেতৃত্বেই থানায় হামলার পরিকল্পনা করা হয়েছিল। শুধু তাই নয়, জাহাঙ্গিরকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার ছকও ছিল বলে দাবি তদন্তকারীদের।

রেজিনার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ফলতা থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। ঘটনার আগের দিন রেজিনার নেতৃত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকেই ঠিক করা হয়, ফলতা থানা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট জায়গায় জাহাঙ্গিরের সমর্থকদের জড়ো করা হবে। তারপর সংগঠিতভাবে থানার দিকে মিছিল করে গিয়ে হামলা চালিয়ে জাহাঙ্গিরকে ছাড়িয়ে আনার চেষ্টা হবে। এই ঘটনায় ইতিমধ্যেই মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার ধরা পড়লেন জাহাঙ্গিরের স্ত্রীও। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই পরিকল্পনার নেপথ্যে আরও কারা যুক্ত ছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন জাহাঙ্গির খান। ভোটের আগে নিজেকে ‘পুষ্পা’ বলে দাবি করে তিনি বলেছিলেন, কোনও পরিস্থিতিতেই তিনি “ঝুঁকবেন” না। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ফলতা কেন্দ্রেও রাজনৈতিক সমীকরণ বদলে যায়। পুনর্নির্বাচনের ঘোষণা হওয়ার পর ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির। ওই কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী। জাহাঙ্গির শেষ করেন চতুর্থ স্থানে।

একাধিক মামলায় দীর্ঘদিন ধরেই জাহাঙ্গিরকে খুঁজছিল পুলিশ। পরে নেপাল সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ফলতার রাস্তায় তাঁকে হাফপ্যান্ট পরিয়ে, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদেই তাঁর অনুগামীদের একাংশ বিক্ষোভে নামে। গত বুধবার ফলতার জনকল্যাণ শিবির থেকে এই ঘটনায় কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন, কোনও ধরনের গুণ্ডামি বা জঙ্গিপনা বরদাস্ত করা হবে না। থানায় হামলার ঘটনায় ভিডিওতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারায় মামলা রুজু করার নির্দেশও দেন তিনি।

Related Articles