কলকাতারাজ্যের খবর

ভোটের দিন অশান্তি ঠেকাতে কমিশনের বিশেষ নজর, প্রস্তুত দুই টিম

জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে চারজন কেন্দ্রীয় জওয়ান সরাসরি নির্দিষ্ট স্থানে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে পারবেন।

Truth of Bengal: ভোটের দিন বুথ বা এলাকায় সামান্য অশান্তির খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে নির্বাচন কমিশনের দুই বিশেষ টিম—ফ্লাইং স্কোয়াড ও স্ট্যাটিক সার্ভেলেন্স। নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এই দুই বাহিনীকে বিশেষ গুরুত্ব দিয়েছে কমিশন।প্রত্যেকটি টিমে থাকছে চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং একজন রাজ্য পুলিশের এসআই। তবে জরুরি পরিস্থিতিতে এসআই বা এএসআই উপস্থিত না থাকলেও, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে চারজন কেন্দ্রীয় জওয়ান সরাসরি নির্দিষ্ট স্থানে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে পারবেন।

অভিজ্ঞ ও দক্ষ জওয়ানদের নিয়েই এই টিমগুলি গঠন করা হয়েছে। প্রথম দফার ভোটে এই দুই টিমের জন্য নজিরবিহীন হারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। বিশেষ করে যেসব জেলায় অশান্তির আশঙ্কা বেশি, সেখানে বাড়তি নজর দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি টিম মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদ জেলায়। জঙ্গিপুর পুলিশ জেলা ও মুর্শিদাবাদ পুলিশ জেলা মিলিয়ে সেখানে থাকছে ৭১টি ফ্লাইং স্কোয়াড টিম এবং ৭৪টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম।

 

* পূর্ব মেদিনীপুরে ৫১টি ফ্লাইং স্কোয়াড ও ৪৮টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম
* পশ্চিম মেদিনীপুরে ৬৯টি ফ্লাইং স্কোয়াড ও ৪৮টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম
* বাঁকুড়ায় ৩৬টি করে দুই ধরনের টিম
* বীরভূমে ৩৩টি করে ফ্লাইং স্কোয়াড ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম
* মালদায় ৩৭টি করে দুই ধরনের টিম মোতায়েন করা হয়েছে

কমিশন সূত্রে খবর, যেসব জেলায় অশান্তির সম্ভাবনা বেশি, সেখানেই এই বিশেষ টিমগুলির সংখ্যা বাড়ানো হয়েছে। এই বাহিনীর চলাচল ও কার্যকলাপ জিপিএসের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন, ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

Related Articles