Durga Puja Weather: মহাসপ্তমীর রাতে নতুন নিম্নচাপ! নবমী-দশমীতে ১১ জেলায় সতর্কতা জারি
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ অষ্টমীর দিন বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
Truth of Bengal: দুর্গাপুজোর সাজে যখন রাজ্যজুড়ে আনন্দের জোয়ার, তখনই নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে আবহাওয়া দফতরের সতর্কবার্তা। সপ্তমী অবধি আবহাওয়া মোটের ওপর মেঘলা হলেও সহনীয় থাকবে, তবে নবমী ও দশমীর দিনে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। ফলে উৎসবের সেরা মুহূর্তে প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনায় জল ঢালার আশঙ্কা থাকছেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ অষ্টমীর দিন বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত সরাসরি প্রভাব ফেলতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। এর জেরে নবমী এবং দশমী, এই দুই গুরুত্বপূর্ণ পুজোদিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে কলকাতা-সহ ১১টি জেলায় (Durga Puja Weather)।
আরও পড়ুনঃ Daily Horoscope: মহাসপ্তমীতে গ্রহ-নক্ষত্রের বড় পালাবদল! আপনার রাশিতে কী প্রভাব পড়তে চলেছে?
সোমবার, অর্থাৎ মহাসপ্তমীর দিন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই আশা করা যাচ্ছে, তবে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বেশ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অষ্টমীর দিন উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস (Durga Puja Weather)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
আবহাওয়াবিদদের মতে, নবমী দিন থেকে দক্ষিণবঙ্গের অন্তত আটটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দশমীতেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে মোট ১১টি জেলায়, যার মধ্যে কলকাতা অন্যতম। প্যান্ডেল হপিং বা বাইরের কার্যকলাপের ক্ষেত্রে এই সময় সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের আবহাওয়াতেও বৃষ্টির ইঙ্গিত রয়েছে। সপ্তমী ও অষ্টমীর দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। তবে নবমী থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Durga Puja Weather)।






