পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি! ষষ্ঠী-দশমী ভাসতে পারে বাংলা?
আবহাওয়া দফতর মহালয়া থেকে দশমী পর্যন্ত রাজ্যের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস দিয়েছে।
Truth Of Bengal: দুর্গাপুজো শুরুর ঠিক আগেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠীর মাত্র দুদিন আগে এই নিম্নচাপটি ঘনীভূত হতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার বিকেলে এক বিশেষ বিবৃতির মাধ্যমে আবহাওয়া দফতর মহালয়া থেকে দশমী পর্যন্ত রাজ্যের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকবে। কলকাতায় মূলত দুপুরের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মহালয়ার দিন, অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও দিনের বেশিরভাগ সময় রোদ থাকবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তর আন্দামান সাগরের একটি ঘূর্ণাবর্ত ২২শে সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছতে পারে, যা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়াতে পারে। তবে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
২৫শে সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপটি ২৬ থেকে ২৯শে সেপ্টেম্বর (পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী) পর্যন্ত সক্রিয় থাকবে এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই সময়কালে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, “২৬ থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এই সময়ে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ৩০শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর (অষ্টমী, নবমী ও দশমী) পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে দশমীর দিন তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।” অন্যদিকে, এই সময়ে উত্তরবঙ্গে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, শুধু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এবছর পুজো কিছুটা আগে হওয়ায় বর্ষা এখনও পুরোপুরি বিদায় নেয়নি, তাই কমবেশি বৃষ্টির সম্ভাবনা আগেই ছিল। কিন্তু নতুন করে নিম্নচাপ তৈরি হলে সেই সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আবহাওয়া দফতর বর্তমানে সাগরের ওপর নজর রাখছে এবং নিম্নচাপের গতিবিধি স্পষ্ট হলে পুজোর দিনগুলোর সুনির্দিষ্ট পূর্বাভাস জানানো হবে বলে হাবিবুর রহমান জানিয়েছেন।
২৩শে সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৬ থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের অনেক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, আর ৩০শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা উপকূলবর্তী অঞ্চলে ভারী হতে পারে।






