Drug Awareness: মাদকমুক্ত সমাজ গড়তে রূপনারায়ণপুরে পুলিশের বিশেষ উদ্যোগ, পথে নামলেন আধিকারিকরা
পথসভার আয়োজনের পাশাপাশি মাদকবিরোধী পোস্টার নিয়ে শোভাযাত্রাও করা হয়।
Truth of Bengal: মাদকের কবল থেকে সমাজকে রক্ষা করতে সক্রিয় ভূমিকা নিল পুলিশ প্রশাসন। সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি ও রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্যের নেতৃত্বে শনিবার এলাকায় চালানো হলো বিশেষ মাদকবিরোধী সচেতনতা অভিযান। এই কর্মসূচির অংশ হিসেবে ডাবর মোড় থেকে ইয়ুথ ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত এক শোভাযাত্রার আয়োজন করা হয়। হাতে মাদকবিরোধী পোস্টার নিয়ে স্থানীয়দের সঙ্গে রাস্তায় নামেন পুলিশকর্মীরা। পাশাপাশি, ডাবর মোড়ে অনুষ্ঠিত পথসভায় দুই পুলিশ আধিকারিক সমাজকে নেশামুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন (Drug Awareness)।
আরও পড়ুনঃ Pond Mystery: অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পুকুর থেকে উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য
অমিত হাটি ও অরুণাভ ভট্টাচার্য জানান, নেশার অভ্যাসে যুবসমাজ বিপথে যাচ্ছে, পরিবারে আর্থিক ও মানসিক সংকট তৈরি হচ্ছে এবং সংসারে অশান্তি বাড়ছে। মাদক শরীর বা মনের কোনো উপকারে আসে না, বরং তা ধ্বংসের দিকে ঠেলে দেয়—এই বার্তা দিয়েই তাঁরা সবাইকে সচেতন করেন। জাতীয় মাদক সচেতনতা অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশ স্পষ্ট বার্তা দেয় যে, মাদক কারবারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে। পাশাপাশি, কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানান তাঁরা (Drug Awareness)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
পুলিশের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, ঝাড়খণ্ড সীমান্তবর্তী বাংলার একাধিক অঞ্চলে মাদকের চোরাচালান চলছে, তাতে কিছু ব্যক্তি জড়িত। এদিনের অভিযান সেই অসাধু চক্রের বিরুদ্ধে পুলিশের সক্রিয় পদক্ষেপ হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে বলেই মনে করছেন তাঁরা। সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নেওয়া এই মাদকবিরোধী অভিযান ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পুলিশের মতে, সমাজকে সুস্থ রাখতে প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ (Drug Awareness)।






