দুর্যোগের আশঙ্কায় দিঘায় সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা, কড়া সতর্কতায় প্রশাসন
শনিবার সকাল থেকেই দিঘা, শংকরপুর ও মন্দারমণি-সহ বিভিন্ন সমুদ্রসৈকতে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়।
Truth of Bengal: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের জেরে দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় জারি করা হল কড়া সতর্কতা। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ১২ জুলাই পর্যন্ত দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। একই সঙ্গে সমুদ্রে মাছ ধরতেও নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ফলে সপ্তাহান্তে দিঘায় বেড়াতে এলেও কেউ সমুদ্রে নামতে পারবেন না।
শনিবার সকাল থেকেই দিঘা, শংকরপুর ও মন্দারমণি-সহ বিভিন্ন সমুদ্রসৈকতে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়। উত্তাল সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে এবং সরকারি নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। সমুদ্রসৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
এদিন বিকেলে রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল দিঘা সমুদ্রসৈকত পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা। তাঁরা সমুদ্রের পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দেন।
প্রশাসনের দাবি, উপকূলের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে। সমুদ্রের ঢেউ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উঁচু হচ্ছে এবং স্রোতও অত্যন্ত প্রবল। কোনও ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অসম ও বাংলাদেশের উপর অবস্থানরত জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। তবে ততদিন পর্যন্ত উপকূল এলাকায় বসবাসকারী মানুষ, পর্যটক এবং মৎস্যজীবীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।






