‘আইন হাতে তুলে নেবেন না’, ‘অন্যায় করলে তার শাস্তি হবেই’, সন্দেশখালিতে হুঁশিয়ারি ডিজি-র
Sandeshkhali DG

The Truth of Bengal: ২৪ ঘণ্টার মধ্যে আবার সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শুক্রবারও বেড়মজুর এলাকায় একটি বাড়ি ভাঙচুর ঘিরে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠলে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরে সেখানে আসেন ডিজি। সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। ডিজি রাজীব কুমার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সেখানে হুঁশিয়ারি দিয়ে ডিজি জানান, কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেন। যারা অন্যায় করছে, তাদের খুঁজে শাস্তি দেবে পুলিশ।
শুক্রবার আক্রান্ত হয় সন্দেশখালি এক নম্বর ব্লকের বেড়মজুর এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি। অভিযোগ, মিছিল করে এসে তাঁর বাড়ি ভাঙচুর করে বাইক ভেঙে দিয়ে লুটপাট চালানো হয়। এমনকী তাঁর স্ত্রী লতা মাইতি, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মেয়েও আক্রান্ত হন। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায়। অজিত মাইতিকে বেধড়ক মারধর করা হয়। পালিয়ে কোনওরকম ভাবে প্রাণ বাঁচান তিনি। এই ঘটনার পর এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী যায় সেখানে। পরিস্থিতি শান্ত করে। পরে সেখানে হাজির হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজি জানান, ‘এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। ওঁদের বুঝিয়েছি যে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। কোনও অন্যায় কেউ করলে তার শাস্তি হবেই। কিন্তু আপনারা হাতে আইন তুলে নেবেন না। শান্ত হয়ে যাওয়া পরিস্থিতি আবার অশান্ত করার চেষ্টা হচ্ছে। গ্রামে যেভাবে বাড়ি ভাঙচুর, আগুন ধরানোর ঘটনা ঘটছে, তাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিজি। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যাঁরা আইন ভাঙার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ হবে। অর্থাৎ জনরোষকে যে কোনওমতেই প্রশ্রয় দেওয়া হবে না, তা সাফ জানিয়ে দেন ডিজি।






