“পাঁচ বছরে উন্নয়নের কথা একবারও বলেননি”, তপনের বিধায়ককে নিশানা জ্যোৎস্নার
এদিন ভোটার তালিকা সংশোধন নিয়ে ‘এসআইআর’ প্রসঙ্গেও সরব হন তিনি
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: তপন বিধানসভার বর্তমান বিধায়ককে সরাসরি আক্রমণ শানালেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জ্যোৎস্না মান্ডি। অভিযোগ, গত পাঁচ বছরে বিধানসভায় এলাকার উন্নয়ন নিয়ে একটি কথাও বলেননি তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বালাপুর এলাকায় এক নির্বাচনী সভা থেকে এই মন্তব্য করেন জ্যোৎস্না। তাঁর কথায়, “গতবার যিনি জিতেছিলেন, তাঁকে আমি বিধানসভায় দেখেছি। কিন্তু আপনার এলাকার উন্নয়নের জন্য একটি কথাও তিনি বলেননি।” সভায় উপস্থিত ছিলেন তপন বিধানসভার তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহা, ব্লক সভাপতি সুব্রত ধর, সহ-সভাপতি অশোক কৃষ্ণ কুজুর-সহ দলীয় নেতৃত্ব।
মঞ্চ থেকে বিজেপিকেও একহাত নেন জ্যোৎস্না। তাঁর দাবি, এলাকার যত উন্নয়ন হয়েছে, তা পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের উদ্যোগেই হয়েছে, বিধায়কের কোনও ভূমিকা নেই।সভায় উপস্থিত মানুষের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন তিনি— “আবার কি এমন কাউকে ভোট দেবেন, যিনি পাঁচ বছরেও কোনও কাজ করেননি? নাকি এমন কাউকে বেছে নেবেন, যিনি উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবেন?”
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোৎস্না জানান, দুপুর থেকে প্রার্থী চিন্তামণি বিহার সমর্থনে একাধিক এলাকায় প্রচার চালিয়েছেন তিনি। জলঘর এলাকায় কর্মসূচি সেরে বালাপুরে সভায় যোগ দেন। এদিন ভোটার তালিকা সংশোধন নিয়ে ‘এসআইআর’ প্রসঙ্গেও সরব হন তিনি। অভিযোগ করেন, “দু’বছরের পরিকল্পনা দু’মাসে তড়িঘড়ি করে করা হয়েছে।এতে বয়স্ক মানুষ-সহ সাধারণ ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। এই প্রক্রিয়ার জন্য আরও সময় দেওয়া উচিত ছিল।”






