রাজ্যের খবর

হাসপাতালে ভর্তি করিয়ে বেপাত্তা, সুস্থ ব্যক্তিকে ফেরাচ্ছে না বাড়ির লোক

Careless by admitting to hospital

The Truth of Bengal: হাসপাতালে ভর্তি করে দিয়ে গিয়েছিল বাড়ির লোকজন। অসুস্থ সেই ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছেন। এক মাস পার হয়ে গেলেও দেখা নেই রোগীর পরিবারের। উত্তরপাড়ায় একটি বেসরকারি হাসপাতাল ওই রোগীকে নিয়ে আতান্তরে পড়েছে। সমাধান চেয়ে পুলিশ ও মহকুমাশাসকের কাছে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আশ্রয়ের জন্য কোনও স্বেচ্ছাসেবী সংস্থার এগিয়ে আসার আবেদন করা হয়েছে। যাতে ওই রোগীর বেডটি অন্য রোগীর কাজে লাগানো হয়।

ওই বেসরকারি হাসপাতালের কর্ণধার জানান, গত ২ ডিসেম্বর হাওড়ার বেলুড় গর্ভমেন্ট হাউসিং এলাকার বাসিন্দা ৫৭ বছরের ওই ব্যক্তিকে বোন পরিচয় দিয়ে এক মহিলা ভর্তি করিয়ে যান হাসপাতালে। পরে তাঁর অস্ত্রোপচার হয়। ২৬ ডিসেম্বরের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে যান। কিন্তু তারপর থেকেই তাকে তার বাড়ির কেউ ফিরিয়ে নিয়ে যাচ্ছেন না। বিষয়টি সামাজিক অবক্ষয় দেখছেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক।

উত্তরপাড়া স্টেশন লাগোয়া ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ শ্রীরামপুর মহকুমা শাসক, উত্তরপাড়া থানা এবং  মানবাধিকার সংগঠনের দ্বারস্থ হয়েছে। ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে চন্দননগর পুলিশ কমিশনারেট শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে আবেদন করেছে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানান্তরিত করার অনুমতি চেয়ে। মহকুমা শাসকের অনুমতি পেলে তাঁকে প্রাথমিক ভাবে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হবে। পাশাপাশি তাঁর বাড়ির লোকের খোঁজ চলছে।

Related Articles