বাংলার ভোটে কোটি কোটি টাকা খরচ বিজেপির! কমিশনে দেওয়া হিসেব জানলে ভিরমি খাবেন
নির্বাচন কমিশনে বিজেপির খরচের হিসাব দেখে চোখ কপালে বিশেষজ্ঞদের!
Truth of Bengal: নির্বাচন কমিশনের কড়া নির্দেশে সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের বিপুল আয়-ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব জমা দিল ভারতীয় জনতা পার্টি (BJP)। আর সেই অডিট রিপোর্টে চোখ রাখতেই চোখ কপালে ওঠার জোগাড় রাজনৈতিক বিশেষজ্ঞদের! হিসাব বলছে, বাংলা-সহ পাঁচ রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে সর্বমোট ৫২৯ কোটি টাকা জলের মতো খরচ করেছে গেরুয়া শিবির। যার সিংহভাগ অর্থাৎ অর্ধেকেরও বেশি টাকা ঢালা হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গ দখলের লড়াইয়ে! বাংলায় নির্বাচন পরিচালনা ও প্রচার ব্যবস্থার জন্য বিজেপি রেকর্ড ২৮৬ কোটি টাকা খরচ করেছে বলে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
বিজেপির পেশ করা তথ্যানুসারে, পাঁচ রাজ্যের মধ্যে নির্বাচন কমিশনের খাতায় সবচেয়ে ব্যয়বহুল রাজ্য ছিল বাংলা। যেখানে মোট ২৮৬ কোটি টাকা ব্যয়ের খতিয়ান দেওয়া হয়েছে। বাকি চার রাজ্য, অসম, তামিলনাড়ু, কেরল ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে দলিয় প্রচার ও সংগঠনে সম্মিলিতভাবে খরচ করা হয়েছে ১৬০ কোটি টাকার কাছাকাছি। আলাদা আলাদাভাবে দেখলে, অসমে বিজেপির খরচ ৯৬.২৬ কোটি, কেরলে ৮২.৬৭ কোটি, রাজনৈতিকভাবে কঠিন জমি তামিলনাড়ুতে ৫১.৫৬ কোটি এবং ছোট রাজ্য পুদুচেরিতে ১১.৮৯ কোটি টাকা ব্যয় হয়েছে। উল্লেখ্য, এই বিশাল অংকের বাইরে রাজ্য, জেলা কমিটি এবং প্রার্থীদের ব্যক্তিগত খরচের হিসাব এখনও পৃথক রাখা হয়েছে।
হিসাব বলছে, বাংলায় দলীয় রণনীতি মজবুত করতে ও জাতীয় তারকাদের নামিয়ে আকাশছোঁয়া প্রচার চালাতেই ২১৭.১৬ কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় বিজেপি। এছাড়া বিধানসভা প্রার্থীদের সরাসরি আর্থিক সাহায্য ও প্রচার বাবদ যথাক্রমে ৬৯.৮৩ কোটি ও ৫৮.৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
তবে কেবল বিপুল ব্যয়ের পরিসংখ্যানই নয়, বিজেপির নির্বাচনী ভাঁড়ারের ছবি দেখেও স্তম্ভিত প্রতিপক্ষ শিবির। নির্বাচন চলাকালীন কেবল বিজেপির কেন্দ্রীয় সদর দফতরেই অনুদান হিসেবে জমা পড়েছে অবিশ্বাস্য ১,৪৭৩ কোটি টাকা! এর বাইরে রাজ্যের দফতরগুলিতে জমা পড়া মোটা অংকের চাঁদা তো রয়েছেই। তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী তহবিলে জমা ছিল ৬,৭২২ কোটি টাকা। আর পাঁচ রাজ্যের মহাযুদ্ধ মেটার পর, অর্থাৎ ৬ মে সেই অর্থের পরিমাণ কমে যাওয়া তো দূরের কথা, বেড়ে গিয়ে দাঁড়িয়েছে বিপুল ৭,৬২৭ কোটি টাকায়!
নির্বাচনী বিপর্যয়ের পর বিজেপির এই রাজকীয় অর্থের পাহাড় দেখে স্বাভাবিকভাবেই সোচ্চার হয়েছে প্রতিপক্ষ দলগুলি। বিরোধী নেতৃত্ব তীব্র আক্রমণ শেনে প্রশ্ন তুলেছেন, “এত শত শত কোটি টাকার আসল উৎস কী? কোন কর্পোরেট সংস্থা বা অদৃশ্য হাত ভোটের মরশুমে বিজেপির ভাঁড়ারে এভাবে হাজার কোটি টাকা ঢালল, তার জবাব দিতে হবে।” সব মিলিয়ে নির্বাচন কমিশনে জমা পড়া এই হিসাব ঘিরে এখন সরগরম জাতীয় রাজনীতি।





