রাজ্যের খবর

Nadanghat: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বেঁকে বসতেই শ্রীঘরে যুবক ধর্ষণের অভিযোগে ধৃত বিক্রম দাস

অভিযোগকারিণী তরুণীর সঙ্গে পরিচয়ের সূত্রে তাঁদের মধ্যে ধীরে ধীরে কথাবার্তা শুরু হয় এবং পরবর্তীতে তা গভীর প্রেমের সম্পর্কে পরিণত হয়।

মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাসের পর অবশেষে প্রতিশ্রুতি ভাঙা এবং ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিক্রম দাস, বাড়ি নাদনঘাট থানার রামচন্দ্রপুর এলাকায়। অভিযোগকারিণী তরুণীর সঙ্গে পরিচয়ের সূত্রে তাঁদের মধ্যে ধীরে ধীরে কথাবার্তা শুরু হয় এবং পরবর্তীতে তা গভীর প্রেমের সম্পর্কে পরিণত হয়। অভিযোগকারিণী দাবি করেছেন, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিক্রম দাস বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেন।

প্রেমের সম্পর্ক স্বাভাবিক ছন্দে চললেও, শেষমেশ যুবক যখন বিয়ে করতে অস্বীকার করেন, তখন তরুণী পুলিশের দ্বারস্থ হন। তরুণীর অভিযোগের ভিত্তিতে নাদনঘাট থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং বিক্রম দাসকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে।

রবিবার, ধৃত বিক্রম দাসকে কালনা আদালতে তোলা হয়। আদালত সমস্ত দিক বিবেচনা করে অভিযুক্ত যুবককে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তারা এই অভিযোগের সত্যতা যাচাই করতে এবং ঘটনার সম্পূর্ণ চিত্র উদঘাটন করতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে।

Related Articles