দায়িত্ব নিয়েই অ্যাকশন মোডে সিপি সুপ্রতিম! ভাঙড়ে রুদ্ধদ্বার বৈঠকে দিলেন কড়া বার্তা
দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত সুপ্রতিম সরকার নবনিযুক্ত সিপি হিসেবে দায়িত্ব নেওয়ার সপ্তাহখানের মধ্যেই ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হন।
Truth of Bengal: কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম ভাঙড় পরিদর্শনে গেলেন আইপিএস সুপ্রতিম সরকার। শনিবার ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে এলাকার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ছাড়াও বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন। দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত সুপ্রতিম সরকার নবনিযুক্ত সিপি হিসেবে দায়িত্ব নেওয়ার সপ্তাহখানের মধ্যেই ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে ভাঙড়ের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তি বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক সংঘর্ষ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বোমাবাজির ঘটনা— সব কিছু নিয়েই দীর্ঘক্ষণ আলোচনা করেন পুলিশ কমিশনার। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রতি তাঁর স্পষ্ট বার্তা ছিল যে, এলাকায় কোনও ধরনের হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এলাকার প্রশাসনিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই বৈঠকে। খুব শীঘ্রই ভাঙড় ডিভিশনে ‘বিজয়গঞ্জ বাজার’ নামে একটি নতুন থানার উদ্বোধন হতে চলেছে। সেই সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি সেখানে কর্মরত পুলিশ কর্মীদের সুযোগ-সুবিধা এবং সমস্যার কথাও শোনেন সিপি। ভাঙড়ের মতো স্পর্শকাতর এলাকায় পুলিশি নজরদারি আরও সুসংহত করতে নতুন এই থানা বিশেষ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
বৈঠক শেষে কলকাতা ফেরার পথে সংবাদমাধ্যমের কাছে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনও মন্তব্য করতে চাননি সুপ্রতিম সরকার। তিনি কেবল জানান, পরবর্তী সফরে এই বিষয়ে আরও বিশদ আলোচনা করবেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মনোজ বর্মাকে সরিয়ে সুপ্রতিম সরকারকে লালবাজারের শীর্ষ পদে বসিয়েছেন।






