বারুইপুর গণপিটুনিকাণ্ডে গ্রেফতার আরও ৩, নিহত ইন্দ্রজিতের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী
শনিবার তাঁর বারুইপুর সফরের আগের রাতেই এই ঘটনায় আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
Truth of Bengal: বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর বারুইপুর সফরের আগের রাতেই এই ঘটনায় আরও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ফলে গণপিটুনির মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। গত রবিবার বারুইপুরের সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে ১২ বছরের এক নাবালিকার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছিল। দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেই সময় সন্দেহের বশে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে মারধর করে উত্তেজিত জনতা। গুরুতর আহত অবস্থায় পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ নির্দোষ ছিলেন। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।
বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে একাধিক পৃথক মামলা রুজু করেছে পুলিশ। গণপিটুনির ঘটনায় এর আগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার রাতে অভিযান চালিয়ে আরও তিন অভিযুক্তকে ধরা হয়। শনিবার তাঁদের আদালতে হাজির করানোর কথা রয়েছে। এ ছাড়াও নাবালিকার মৃত্যুর পর বিক্ষোভের সময় পুলিশকে আক্রমণ, রেল অবরোধ এবং হিংসা ছড়ানোর অভিযোগে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিটি ঘটনার তদন্ত আলাদাভাবে চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। গত মঙ্গলবার বারুইপুরের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ইন্দ্রজিতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। দুই পরিবারকেই ন্যায়বিচার এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হয়েছিল।
নির্যাতিতার পরিবারের দাবির ভিত্তিতে সূর্যপুরে একটি নতুন পুলিশ ফাঁড়ি তৈরির কথাও ঘোষণা করেছিলেন শুভেন্দু। মাত্র পাঁচ দিনের মধ্যে সেই ফাঁড়ির কাজ শেষ করা হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সফরসূচি অনুযায়ী, প্রথমে নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এরপর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে যাওয়ার কথা তাঁর। সেখান থেকে নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধন করে কলকাতায় ফিরবেন শুভেন্দু।





