পাওনা টাকা চাওয়ায় খুন! বসিরহাটে ঘটনায় চাঞ্চল্য
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসাদুল কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।
মন্টু সাহাজী, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ফতুরাটি এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম আসাদুল মণ্ডল (২৫)।
তাঁর বাড়ি বসিরহাট থানার ফতুরাটি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসাদুল কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। প্রতিদিন সকালে বাড়ি থেকে কলকাতায় যাতায়াত করতেন তিনি। গতকাল শুক্রবারও তিনি সকালে কাজে গিয়েছিলেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি।
পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে শনিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বাঁশবাগানের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, আসাদুলের শরীরে গুলির আঘাতের পাশাপাশি ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবারের দাবি, টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরেই এই খুন। তাঁদের অভিযোগ, আসাদুল কিছুদিন ধরে কয়েকজনের কাছ থেকে পাওনা টাকা ফেরত চাইছিলেন। সেই কারণেই পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে।ঘটনাস্থলে পৌঁছে বসিরহাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।






