রাজ্যের খবর

ভীমপুর বাজারে ফের জাল টাকা, সিমান্ত এলাকায় গ্রেফতার এক

দোকানে লেনদেনের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে জাল নোট চলে আসার অভিযোগ জানাচ্ছিলেন অনেকেই।

Truth Of Bengal: নদিয়া জেলার ভীমপুর থানা এলাকার বিভিন্ন বাজারে গত কয়েক সপ্তাহ ধরে বারবার জাল টাকা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছিল। দোকানে লেনদেনের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে জাল নোট চলে আসার অভিযোগ জানাচ্ছিলেন অনেকেই।

এই ঘটনার তদন্তে সদ্য ভীমপুর থানায় যোগদান করা ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) রূপেশ বিশ্বাস বিশেষ নজর দিচ্ছিলেন। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ ঝোড়পাড়া এলাকায় হানা দেয়। সেখান থেকে দেবব্রত বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আইন মেনে দেহ তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৫০০ টাকার মূল্যমানের তিনটি জাল ভারতীয় নোট উদ্ধার হয়। এরপর তাঁকে গ্রেফতার করা হয়।

ভীমপুর থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ রবিবার ধৃত দেবব্রত বিশ্বাসকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।তদন্ত জারি রয়েছে। জাল টাকার নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles