রাজ্যের খবর

এক বছরে ঘাটাল মাস্টারপ্ল্যান! ডেবরায় প্রতিশ্রুতি অমিত শাহের

ভোটের পর সন্ত্রাস করলেই সোজা জেল! পশ্চিম মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে পুলিশ ও গুন্ডাদের কড়া বার্তা শাহের।

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে তৃণমূল সরকারের পতনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ডেবরা বিধানসভা কেন্দ্রের অকালপৌষ প্রাইমারি স্কুল মাঠের ‘বিজয় সংকল্প সভা’ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। শাহের সাফ কথা, ভয় দেখিয়ে বা সিন্ডিকেট রাজ চালিয়ে এবার আর পার পাওয়া যাবে না; বাংলার মানুষ পরিবর্তনের জন্য তৈরি।

ডেবরার জনসভা থেকে ‘বহিরাগত’ ইস্যু এবং অনুপ্রবেশ নিয়ে সুর চড়িয়ে অমিত শাহ বলেন, “মমতা দিদি, আপনি যত জোর লাগাবেন লাগিয়ে নিন। বিজেপি জেতার পর বাংলায় বহিরাগতদের একে একে চিহ্নিত করে বের করে দেওয়া হবে। পদ্মফুলে বোতাম টিপলে বাংলায় সিন্ডিকেট রাজ উপড়ে গঙ্গায় ফেলে দেওয়া হবে।” শুধু তাই নয়, ভোটের পর রাজনৈতিক হিংসার আশঙ্কায় থাকা সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি হুঁশিয়ারি দেন যে, সন্ত্রাস চালালে কাউকেই রেয়াত করা হবে না এবং দোষীদের সোজা জেলে পাঠানো হবে।

এদিন দীর্ঘদিনের বিতর্কিত ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ নিয়েও বড় প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘাটাল এলাকার উন্নয়নের জন্য প্রায় ১৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করলেও রাজ্য সরকার তা বাস্তবায়ন করতে দেয়নি। বিজেপি সরকার গঠিত হলে মাত্র এক বছরের মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যান চালু করা হবে।”

নির্বাচনের ঠিক মুখে ডেবরায় অমিত শাহের এই হেভিওয়েট সভা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা। শাহের একের পর এক আক্রমণাত্মক মন্তব্যে কর্মী-সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, জঙ্গলমহলের এই সভা থেকে অমিত শাহ কেবল উন্নয়ন নয়, বরং ‘ল অ্যান্ড অর্ডার’ এবং ‘অনুপ্রবেশ’ ইস্যুকে সামনে রেখে তপ্ত করলেন ছাব্বিশের ভোটের ময়দান।

Related Articles