রাজ্যের খবর

কুশমণ্ডিতে নদীর উপর তৈরি হবে সেতু, আশ্বাস বিধায়কের

বিধায়ক জানান, দুই নদীর উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের।

Truth of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে কুশমণ্ডি বিধানসভায় দুই নদীর উপর সেতু নির্মাণের প্রক্রিয়ায় নড়াচড়া শুরু হল। সোমবার টাঙন নদীর কাঁকসা–বলরামপুর ঘাট এবং পুনর্ভবা নদীর সিংহপর–হরিতলা ঘাটে সম্ভাব্য সেতু নির্মাণের স্থান সরেজমিনে পরিদর্শন করেন কুশমণ্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়। তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

বিধায়ক জানান, দুই নদীর উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেই দাবি জানিয়ে নবান্নে আবেদন করা হয়েছিল। তার ভিত্তিতেই সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা সম্ভাব্য স্থানগুলি পরিদর্শন করে প্রাথমিক সমীক্ষা শুরু করেছেন। তাঁর দাবি, সেতু দু’টি তৈরি হলে কুশমণ্ডি  ও গঙ্গারামপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কৃষিকাজ এবং ব্যবসা-বাণিজ্যেও তার ইতিবাচক প্রভাব পড়বে।

তাপস চন্দ্র রায়ের কথায়, স্বাধীনতার পর থেকেই এলাকার মানুষ এই দুই সেতুর দাবি জানিয়ে আসছেন। দীর্ঘ প্রতীক্ষার পরে সেই দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে বলেই তাঁর আশা। এজন্য তিনি রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দফতরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শেষ করে শীঘ্রই সেতু নির্মাণের কাজ শুরু হবে। তা হলে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ও গঙ্গারামপুর এলাকার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করছেন তাঁরা।

Related Articles