Truth of Bengal: বিহারের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে লালুপ্রসাদ যাদবের ত্যাজ্যপুত্র তেজপ্রতাপ যাদব। পরিবার ও দল থেকে বিতাড়িত হওয়ার পরে এবার একলা লড়াইয়ের পথে হাঁটার ইঙ্গিত দিলেন তিনি। শুক্রবার নিজের পুরনো বিধানসভা কেন্দ্র বৈশালীর মহুয়ায় একটি মিছিল করেন তেজপ্রতাপ। সেখানে তাঁকে ঘিরে ছিল অনুগামীদের জমায়েত হতে দেখা যায়। আর তাদের সকলের হাতে ছিল ‘টিম তেজপ্রতাপ যাদব’ লেখা সবুজ-সাদা পতাকা। তেজপ্রতাপের মাথায় ছিল দলীয় রঙের সবুজ টুপি (Tej Pratap)।
মিছিল শেষে বর্তমানে সমস্তিপুর জেলার হাসনপুর কেন্দ্রের বিধায়ক তেজপ্রতাপ বলেন, ‘ মানুষের ইচ্ছায় আমি বেঁচে আছি। মানুষ যা চাইবেন, আমি সেটাই করব। মানুষ যেখান থেকে বলবেন, সেখান থেকেই ভোটে লড়ব। কিসের প্রতীক নিয়ে লড়ব, সেটা পরে দেখা যাবে। আমি কারও অধীনে নই।’ তাঁর এই মন্তব্য থেকেই পরিষ্কার, দলের ছত্রছায়া ছাড়াই তিনি রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। নতুন দল গঠনের ইঙ্গিত দিলেও, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেননি তিনি (Tej Pratap)।
আরও পড়ুনঃ Birbhum: বিজেপির অভিযোগের পর কোপ, জীবিতরা ‘মৃত ভোটার’
গত মে মাসে একটি বিতর্কিত ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায় বিহারের রাজনৈতিক মহলে। তেজপ্রতাপের অ্যাকাউন্ট থেকে একটি মহিলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবিসহ একটি পোস্ট করা হয়। যেখানে দাবি করা হয়— তাঁর নাম অনুষ্কা যাদব এবং তিনি গত ১২ বছর ধরে তেজপ্রতাপের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও পরে তেজপ্রতাপ দাবি করেন, তাঁর ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে এবং ছবিগুলি এডিট করে পোস্ট করা হয়েছে। তিনি এও বলেন, তাঁর এবং পরিবারের মানহানি করার উদ্দেশ্যেই এসব করা হয়েছে।ঘটনার ঠিক পরদিনই লালুপ্রসাদ যাদব কড়া পদক্ষেপ নেন। ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ ও ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ করার’ অভিযোগে তিনি তেজপ্রতাপকে দল আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) এবং পরিবার থেকে ছ’বছরের জন্য বহিষ্কার করেন (Tej Pratap)।
Truth of Bengal: https://www.facebook.com/share/193NB43TzC/
লালুর এই সিদ্ধান্তকে সমর্থন জানান তাঁর কনিষ্ঠপুত্র ও আরজেডির প্রধান মুখ তেজস্বী যাদবও। এই বহিষ্কারের পর তেজপ্রতাপের এটিই প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি। পুরনো কেন্দ্র মহুয়ায় ফিরে তিনি অনুগামীদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। তাঁর ‘টিম তেজপ্রতাপ’ ব্যানারের অধীনে শুরু হওয়া এই নতুন রাজনৈতিক সক্রিয়তা আগামী দিনে বিহারের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।এখন দেখার, ‘টিম তেজপ্রতাপ’ আদৌ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে কিনা, এবং ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে তিনি কী ভূমিকা নেন।






