এবার পূর্ণিমা রাতেও মিলবে তাজ দর্শনের সুযোগ! কখন, কোথায় মিলবে এই সুযোগ জানুন বিস্তারিত

The Truth Of Bengal, মৌ বসুঃ বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম প্রেমের সৌধ আগ্রার তাজমহলকে চাক্ষুষ দেখার ইচ্ছে দেশ-বিদেশের সব পর্যটকের মনেই থাকে। এবার তাজ দর্শনকে আরও রোমান্টিক করে তোলার সুযোগ দিচ্ছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। প্রত্যেক মাসে পূর্ণিমা রাতে এবার তাজমহল দর্শনের সুযোগ মিলবে। কথায় বলে, চাঁদনি রাতে তাজমহলের রূপের ছটা আরও অপরূপ হয়। মোগল সম্রাট শাহজাহান প্রিয়তমা বেগম মমতাজের উদ্দেশ্যে এই সৌধ নির্মাণ করেন। এবার থেকে প্রতি মাসে পূর্ণিমা রাতে ও তার ২ দিন আগে ও ২ দিন পরের রাতে শান্ত পরিবেশে তাজমহল দর্শন করার সুযোগ মিলবে। তবে এই দর্শনের জন্য লিমিটেড টিকিট। টিকিটের চাহিদা বেশি থাকে চাঁদনি রাতে তাজমহল দর্শনের জন্য। তাই আগেভাগে পরিকল্পনা করে আগাম কেটে রাখতে হবে টিকিট। তবে মনে রাখবেন শুক্রবার রাতে ও রমজানের সময় পূর্ণিমা পরলেও সে সময় রাতে দর্শনের জন্য তাজমহল বন্ধ থাকবে।
রাতে তাজমহল দর্শনের কী নিয়ম:
প্রতি মাসে পূর্ণিমার সময় ৫ দিন রাত ৮টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত খোলা থাকে তাজমহল। সর্বোচ্চ ৮টি ব্যাচে সর্বাধিক ৫০ জন করে চাঁদনি রাতে তাজমহল দর্শন করতে পারে। প্রতিটি ব্যাচের সময় ৩০ মিনিট করে। টিকিটে যে স্লট দেওয়া হয়েছে তার আধ ঘণ্টা আগে তাজ চত্বরে শিল্পীগ্রামে সিকিউরিটি চেকিংয়ের জন্য পৌঁছে যেতে হবে। প্রত্যেকের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। কমপক্ষে ৭ দিন আগে অনলাইনে tajmahal.gov.in বা asi.paygov.org.in ওয়েবসাইট মারফত টিকিট কাটতে হবে। সময় ও তারিখ বেছে নিন।
রাতে তাজমহল দর্শন করতে হলে প্রাপ্তবয়স্ক ভারতীয়দের ৫১০, বিদেশিদের ৭৫০ ও ৩-১৫ বছর বয়সি শিশুদের জন্য ৫০০ টাকার টিকিট কাটতে হবে।
পুরাতত্ত্ব বিভাগের ক্যালেন্ডার অনুযায়ী, ২২ জুন, ২১ জুলাই, ১৯ আগস্ট, ১৮ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর, ১৫ ডিসেম্বর, ২০২৫ সালের ১৩ জানুয়ারি, ১২ ফেব্রুয়ারি ও ১৩ মার্চ চাঁদনি রাতে তাজমহল খোলা থাকবে।



