ডুয়ার্সের বুকেই এক টুকরো সুইজারল্যান্ড! অফবিট ভ্রমণের নতুন ঠিকানা এখন ‘রায়মাটাং’
প্রাকৃতিক সৌন্দর্য এত অপার্থিব যে এখানে আসলে মনে হবে যেন সুইজারল্যান্ডে চলে এসেছেন।
Truth of Bengal: ডুয়ার্সের জঙ্গল মানেই চারিদিকে সবুজের সমারোহ আর সঙ্গে রহস্য ও রোমাঞ্চর মিশেল। ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে যেতে চান কিন্তু চাইছেন কোনো অফবিট পর্যটন কেন্দ্রে যেতে? আপনার গন্তব্য হতে পারে বক্সা পাহাড়ের কোলে বক্সা ব্যাঘ্র প্রকল্পর অন্তর্ভুক্ত রায়মাটাং। কালচিনি মহকুমার অন্তর্গত বক্সা ব্যাঘ্র প্রকল্পর একেবারে গভীরে অবস্থিত ছোট্ট বনবস্তি হল রায়মাটাং। প্রাকৃতিক সৌন্দর্য এত অপার্থিব যে এখানে আসলে মনে হবে যেন সুইজারল্যান্ডে চলে এসেছেন। ৩ দিকে পাহাড় ঘেরা আর একপাশ দিয়ে কুলকুল শব্দ করে বয়ে চলেছে রায়মাটাং নদী। জায়গার অভিনবত্ব হল নিস্তব্ধতা।

আলিপুরদুয়ার থেকে ৪৫ কিলোমিটার দূরে ঘন জঙ্গল, পাহাড় ও নদী ঘেরা রায়মাটাং হল প্রকৃতিপ্রেমিকদের স্বর্গরাজ্য। নানান প্রজাতির পাখি ও প্রজাপতির দেখা মেলে। রায়মাটাং পৌঁছোতে হলে শুকনো নদীপথ পেরিয়ে যেতে হয়। যা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। বড়ো কোনো হোটেল নেই। থাকার জন্য আছে হোম স্টে। সকালে ঘুম ভাঙবে পাখির কলরবে।
জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথ পেরিয়ে ট্রেক করে পৌঁছে যাওয়া যায় পাহাড়ি ভিউ পয়েন্টে। এখান থেকে ভুটান পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়।

এছাড়াও জঙ্গলের ভেতরে ওয়াচ টাওয়ারে উঠে দেখা যায় বন্যপ্রাণীদের। ফসল তোলার মরসুমে নিয়মিত জঙ্গল থেকে বুনো হাতির দল হানা দেয় রায়মাটাং গ্রামে। নভেম্বর থেকে মার্চ মাস হল বেড়ানোর আদর্শ সময়। বর্ষায় বন্ধ থাকে।






