রাজ্যের খবর

জায়গা নিয়ে বিবাদ, সংঘর্ষ ও বোমাবাজিতে উত্তপ্ত মল্লারপুরের যবুনি গ্রাম

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করা হয়

Truth Of Bengal: দীর্ঘদিনের জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত যবুনি গ্রাম। দুই প্রতিবেশী ধোনসাদ শেখ ও জহির মীরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ এবং বোমাবাজির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, যবুনি গ্রামের একটি বিতর্কিত জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ধোনসাদ শেখ ও জহির মীরের মধ্যে বিবাদ চলছিল। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করা হয়। সেই বিবাদের মীমাংসা করতেই বুধবার সকালে মল্লারপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের (বিএলআরও) অফিস থেকে একটি প্রতিনিধি দল তদন্তে আসে।

অভিযোগ, সরকারি আধিকারিকরা যখন ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছিলেন, সেই সময় দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এরপর মুহূর্তের মধ্যেই সেই বচসা ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়। একে অপরের ওপর বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন শুরু হয় বোমাবাজি। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, আতঙ্ক গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে।

ধোনসাদ শেখের পরিবারের অভিযোগ, জহির মীরের লোকজনই প্রথমে অশান্তি পাকায় এবং এলাকায় আতঙ্ক ছড়াতে বোমাবাজি শুরু করে। অন্যদিকে জহির মীরের পরিবারের দাবি, বিএলআরও অফিস থেকে তদন্ত চলাকালীন ধোনসাদ শেখের অনুগামীরাই অতর্কিতে হামলা চালায়। তাঁদের অভিযোগ, বাঁশ দিয়ে মেরে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে।

বোমাবাজির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে এবং দোষীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় এখনও উত্তেজনা থাকায় পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।

Related Articles