ভ্রমণ

ভুটান সীমান্তর কাছে ডুয়ার্সের কোলে ছবির মতো সুন্দর গ্রাম প্যারেন

শহুরে নাগরিক কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তিতে কাটানোর আদর্শ ঠিকানা হল প্যারেন।

Truth Of Bengal: ডুয়ার্স বলতেই চোখের সামনে ভেসে ওঠে ঘন সবুজ বনাঞ্চল, পাহাড়ি পথ, কুলকুল শব্দ করে আপন ছন্দে বয়ে চলা নদী আর নিস্তব্ধ গ্রামীণ জীবন। শিলিগুড়ি থেকে ১১২ কিলোমিটার দূরে ভুটান সীমান্তর কাছে জলঢাকা নদীর তীরে অবস্থিত ছবির মতো সাজানো গোছানো এক অপূর্ব সুন্দর গ্রাম প্যারেন। ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনার গন্তব্য হতে পারে অফবিট পর্যটন কেন্দ্র প্যারেন।

শহুরে নাগরিক কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তিতে কাটানোর আদর্শ ঠিকানা হল প্যারেন। প্যারেন আসলে ৩টি ছোট গ্রাম নিয়ে গড়ে উঠেছে-লোয়ার প্যারেন, আপার প্যারেন ও প্যারেন কম্পাউন্ড। কলকাতা থেকে ৬৫৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। পাহাড়, ঘন সবুজ বনাঞ্চল, পাহাড়ি উপত্যকা, পাহাড়ি আঁকাবাঁকা পথ, ছলাৎছলাৎ শব্দ করে আপন ছন্দে বয়ে চলা নদী আর বিস্তৃত কৃষিজমি। এসব মিলিয়ে প্যারেন পোস্টকার্ডের মতোই সুন্দর।
আলুবাড়ি ও লাভা হয়ে র্যাচেলা পাস ট্রেকিং রুটের মধ্যে পড়ে প্যারেন। প্যারেন থেকে দলগাঁও, গাইরিবাস ও রঙ্গোতে জঙ্গল ট্রেকিং করলে নানান রকম হিমালয় পার্বত্য অঞ্চলে বেড়ে ওঠা ওষুধিগাছ দেখা যায়। প্যারেন থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত জলঢাকা নদী। প্যারেনের কাছে বিন্দুতে রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র। এটি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। প্যারেন থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত কার্ডামম কিউরিং সেন্টার। এখানে এলে দেখতে পাবেন কীভাবে এলাচ সংগ্রহ করে তা প্রসেস করে বাজারজাত করা হয়। প্যারেন গ্রামের চারপাশে সবুজ বনাঞ্চল ও পাহাড় রয়েছে। পাহাড়ি নদী ও ঝর্ণা আছে। কৃষিজমির দৃশ্য দেখলে মন ভরে যায়। উপত্যকা থেকে পাহাড়ি গ্রামের প্যানোরমিক ভিউ এক কথায় অসাধারণ। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে প্যারেন গ্রাম ঘুরে দেখা যায়। গ্রাম্য জীবনযাপন চাক্ষুষ করা যায়।

কীভাবে যাবেন প্যারেন?

ট্রেনে চেপে গেলে প্যারেনের কাছাকাছি স্টেশন হল মালবাজার। সড়ক পথে গেলে মালবাজার থেকে প্রথমে চালসা পৌঁছতে হবে। শেয়ার করা গাড়িতে চেপে পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে চলে আসা যায় প্যারেন।

কখন প্যারেনে যাওয়া যায়?

সারা বছর আসা যায় প্যারেন। শীতে আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকে বলে মন ভরে যায়। প্যারেনে রয়েছে বেশ কিছু কমলালেবুর বাগান। অক্টোবর থেকে ফেব্রুয়ারি বেড়ানোর আদর্শ সময়। প্যারেনে হোম স্টে রয়েছে থাকার জন্য।

Related Articles