টিকিট বুকিংয়ের পরিষেবা উন্নত করতে এআই চ্যাটবট চালু ইন্ডিগোর
IndiGo launches AI chatbot to improve ticket booking services

The Truth Of Bengal, Mou Basu: বিমানযাত্রী মহলে দারুণ জনপ্রিয় বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো। এবার যাত্রী পরিষেবা আরও উন্নত করার জন্য উদ্যোগ নিল এই বেসরকারি বিমান সংস্থা। ইন্ডিগোর পক্ষ থেকে এআই চ্যাটবট 6Eskai লঞ্চ করা হয়েছে। এটি গ্রাহকদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। মোট দশটি ভাষায় গ্রাহকরা এই চ্যাটবট থেকে পরিষেবা পাবেন। এটি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারে। 6ESkai বিভিন্ন ধরনের কাজ পরিচালনা করতে পারে। এর মধ্যে রয়েছে বিমানের টিকিট বুকিং, ডিসকাউন্টের কুপণ ব্যবহার করা, ওয়েব চেক -ইন সম্পন্ন, আসন নির্বাচনে সহায়তা এবং ভ্রমণের আয়োজন। এছাড়াও গ্রাহকদের সঙ্গে এজেন্টের যোগাযোগ তৈরি এবং প্রায়শই যে ধরনের প্রশ্ন যাত্রীরা করেন, তার উত্তরও দেবে এই চ্যাটবট।
বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই চ্যাটবটে ব্যবহার করা হয়েছে গ্রাউন্ডব্রেকিং GPT-4 প্রযুক্তি। এটি ইন্ডিগোর ডিজিটাল দলের সদস্য এবং মাইক্রোসফটের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রাহক পরিষেবা এজেন্টদের কাজের চাপের 75 শতাংশ কমাতে সক্ষম হয়েছে 6Eskai। সংস্থার AI Chatbot-এ রয়েছে 1.7 ট্রিলিয়ন প্যারামিটার। এই চ্যাটবট লিখিত বা টাইপ করা ভাষা ছাড়াও স্পিচ-টু- টেক্সট মডেল ব্যবহার করে কোনও কম্যান্ড বুঝতে পারবে। ইন্ডিগোর পক্ষ থেকে আরও বলা হয়েছে, “গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটি বুকিং প্রক্রিয়াকে সহজ করে তুলবে।
পাশাপাশি, এই বটে গ্রাহকরা সাধারণ ভাষায় কথা বলতে পারবেন। এছাড়াও বুকিংয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত রকমের গাইড পাবেন। এআই চ্যাটবট চালু হওয়ায় গ্রাহকদের সন্তুষ্ট করা যাবে।পাশাপাশি, পরিচালন বিভাগের দক্ষতা আরও বাড়ানো সম্ভব হবে। ইন্ডিগোর তথ্য গবেষকদের একটি দল জেনারেটিভ প্রিট্রেনড ট্রান্সফরমার (GPT) -এর উপর একটি পুঙ্খানুপঙ্খ গবেষণা করছেন। এখানে মানুষের আচরণ অনুকরণ এবং আবেগের উপর প্রতিক্রিয়া জানাতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে বটটিকে প্রোগ্রাম করা হয়েছে।





