
The Truth of Bengal,mou basu: চলতি বছরই বৈদ্যুতিক গাড়ির বাজারে হইচই ফেলে লঞ্চ হয়েছিল হুন্ডাই (Hyundai) গাড়ি প্রস্তুতকারী সংস্থার প্রিমিয়াম ইভি Ioniq 5 মডেলটি। বছরের শেষেই নয়া মডেল “গ্রিন কার অফ দ্য ইয়ার ২০২৪’ খেতাব জিতে নিয়েছে। BMW i7, BYD Atto 3, Citroen eC3, Mercedes-Benz EQE SUV, Mahindra XUV400, Volvo C40 Recharge ও MG Comet EV-এর মতো গাড়িদের হারিয়ে এবছরের সেরা পরিবেশবান্ধব গাড়ির পুরস্কার জিতে নিয়েছে হুন্ডাইয়ের মডেলটি।
হুন্ডাইয়ের Ioniq 5 গাড়িটি জানুয়ারিতে অনুষ্ঠিত অটো এক্সপো ২০২৩-এ লঞ্চ হয়েছিল। দাম ৪৫.৯৫ লাখ টাকা (এক্স-শোরুম)।এতে রয়েছে ৭২.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। রিয়ার হুইল ড্রাইভ ইলেকট্রিক মোটর থেকে সর্বোচ্চ ২১৭ বিএইচপি শক্তি এবং ৩৫০ এনএম টর্ক পাওয়া যায়। এছাড়াও Hyundai Ioniq 5-এ রয়েছে দুটি ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে (একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও অপরটি ইনফোটেনমেন্ট সিস্টেম), প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস ফোন চার্জার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, হেড আপ ডিসপ্লে।
গ্রিন কার অফ দ্য ইয়ার পুরস্কার বাছতে সর্বপ্রথম দেখা হয়, গাড়িটি পরিবেশের জন্য কতটা সহায়ক বা দূষণহীন। এছাড়াও আরও কিছু প্যারামিটার রয়েছে। গ্রিন কার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে BMW i7 এবং MG Comet EV।






