এক পরিবার, দুই তারকা! বৈভবের পথেই এগোচ্ছে ছোট ভাই আশীর্বাদ
তাজপুর ক্রিকেট অ্যাকাডেমির হয়ে খেলতে নেমে আশীর্বাদ মাত্র ৮৭ বলে ১০৩ রান করে।
Truth of Bengal: ক্রিকেট মাঠে সূর্যবংশী নামটি এখন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। বড় ভাই বৈভব সূর্যবংশী যখন জাতীয় দলের দরজায় পৌঁছে গিয়েছে, তখন ছোট ভাই আশীর্বাদ সূর্যবংশীও ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিল দাপটের সঙ্গে। বিহারের সমস্তিপুরে এক প্রস্তুতি ম্যাচে দুরন্ত শতরান করে সে সকলের নজর কেড়ে নিয়েছেন।
তাজপুর ক্রিকেট অ্যাকাডেমির হয়ে খেলতে নেমে আশীর্বাদ মাত্র ৮৭ বলে ১০৩ রান করে। তার ইনিংস সাজানো ছিল ২০টি চার এবং একটি ছক্কায়। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ তৈরি করেন আশীর্বাদ। মাঠের চারদিকে শট খেলে নিজের দক্ষতার পরিচয় দেয় এই কিশোর ব্যাটার।
আশীর্বাদের এই ইনিংস এমন সময়ে এসেছে, যখন গোটা দেশ বৈভব সূর্যবংশীর সাফল্য নিয়ে আলোচনা করছে। সাম্প্রতিক মরশুমে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করে বৈভব আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ধারাবাহিক রান এবং ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে অবশেষে আসে জাতীয় দলের ডাক। জাতীয় দলে বৈভবের অন্তর্ভুক্তির খবর পৌঁছতেই তার গ্রাম তাজপুরে শুরু হয় আনন্দ উৎসব। গ্রামের মানুষজন বাড়িতে ভিড় জমান, মিষ্টি বিতরণ করেন এবং আনন্দে মেতে ওঠেন। অনেকের কাছেই এটি শুধু একজন ক্রিকেটারের সাফল্য নয়, বরং গোটা এলাকার গর্বের মুহূর্ত।
বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী জানান, পরিবারের সবাই দীর্ঘদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলেন। ছোটবেলা থেকেই বৈভবের লক্ষ্য ছিল দেশের হয়ে খেলা। কঠোর অনুশীলন, ত্যাগ এবং একাগ্রতার ফল হিসাবেই সে আজ এই জায়গায় পৌঁছেছে বলে মনে করেন তাঁর বাবা।
তবে এখন শুধু বৈভব নয়, আলোচনায় উঠে এসেছে আশীর্বাদের নামও। তার শতরান প্রমাণ করে দিয়েছে যে সূর্যবংশী পরিবারের ক্রিকেট প্রতিভা এক জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বড় ভাইয়ের সাফল্য যেমন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে, তেমনই ছোট ভাইও নিজের স্বপ্নপূরণের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন।
একই পরিবারের দুই প্রতিভাবান ক্রিকেটারের উত্থান এখন ক্রিকেটমহলের অন্যতম আলোচনার বিষয়। বৈভবের পর আশীর্বাদও যদি ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করতে পারে, তবে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট আরও এক জুটি প্রতিভার সাক্ষী হতে পারে।






