কাম্বলিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন সানি, প্রতি মাসেই দিচ্ছেন আর্থিক সাহায্য
Sunny is keeping her promise to Kambli, giving him financial assistance every month
Truth Of Bengal: দীর্ঘদিন ধরে শারিরীক অসুস্থতায় ভুগছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা বিনোদ কাম্বলী। চলতি বছরেই তাঁর অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করানো হয়েছিল। শারিরীক অসুস্থতার পাশাপাশি কাম্বলি ভুগছেন আর্থিক সঙ্কটেও। সেই সময়ই তাঁর পাশে দাঁড়ান প্রাক্তন জাতীয় অধিনায়ক সুনীল গাভাসকর। তিনি অসুস্থ কাম্বলিকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেইমতো কথা রাখলেন সানি।
একটি বহুল পরিচিত ইংরেজি সংবাদপত্র সূত্রে খবর, ‘চ্যাম্পস ফাউন্ডেশন’-র মাধ্যমে গাভাসকর প্রতি মাসে কাম্বলির হাতে ৩০, ০০০ হাজার টাকা সাহায্য করেছেন। যা চালু হয়েছে চলতি বছরের এপ্রিল মাস থেকে। শুধু কাম্বলিই নন, এই ফাউন্ডেশনের মূল কাজই হল দরিদ্র আন্তর্জাতিক ক্রীড়াবিদদের আর্থিক সাহায্য করা হয়। ১৯৯৯ সালে এই ‘চ্যাম্পস ফাউন্ডেশন’-র জন্ম হয়েছিল। এবার থেকে প্রতি মাসেই এই টাকা পাবেন তিনি। এছাড়া বার্ষিক ৩০, ০০০ টাকা কাম্বিলকে তুলে দেওয়া হবে চিকিৎসার জন্য।
চলতি বছরের জানুয়ারি মাসের ১১ তারিখে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উৎসবের এক অনুষ্ঠানে কাম্বলির সঙ্গে দেখা হয় গাভাসকরের। সেই সময় কাম্বলি গাভাসকরের পা ছুঁয়ে তাঁকে প্রণামও করেন। সেই ছবি হৃদয় ছুঁয়েছিল আপামর ক্রিকেটপ্রেমীর। এদিকে কাম্বলিকে নিজের ছেলের সঙ্গে তুলনা করেছিলেন সানি। তিনি বলেছিলেন, ‘যে ভারতীয় দল ১৯৮৩ সালে লর্ডসের মাঠে বিশ্ব জয় করেছিল, সেই দলের প্রতিটি সদস্যই তাঁদের পরবর্তী প্রজন্মকে যথেষ্ট স্নেহ করেন। আমার কাছে ওরা নাতির মত। আবার কেউ আমার ছেলের সমবয়সী। আমি ওদের প্রতিনিয়ত খবর রাখার চেষ্টা করি। বিশেষ করে ওরা যখন বিপদের মধ্যে থাকে। সাহায্য শব্দটা আমি পছন্দ করি না। আমরা অসুস্থ কাম্বলির পাশে দাঁড়াতে চাই।’
উল্লেখ্য, একটা সময় ভারতীয় ক্রিকেটে যথেষ্ট আলোড়ন ফেলেছিলেন মুম্বইয়ের তরুণ ক্রিকেটার বিনোদ কাম্বলি। যথেষ্ট প্রতিশ্রুতিমান ক্রিকেটার হিসাবেই আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ রেখেছিলেন প্রয়াত রমাকান্ত আচরেকরের শিষ্যটিও। কিন্তু তিনি বেশিদিন স্থায়ী হতে পারেননি ক্রিকেট দুনিয়ায়। অল্প দিনের মধ্যেই অসংযত জীবনযাপন কাম্বলিকে ক্রিকেট থেকে অনেকটা দূরেই সরিয়ে দেয়। তারই মাঝে শারিরীক অসুস্থতায় ভুগতে শুরু করেন তিনি। তবে তাঁর চিকিৎসকরা জানিয়েছেন তিনি ১০০ শতাংশ সুস্থ না হলেও পরবর্তীকালে অনেকটা স্মৃতিশক্তি ফিরে পাবেন।






