খেলা

কোচিং জীবনের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু সৌরভের 

কোচ হিসেবে অভিষেকের অনুভূতি প্রসঙ্গে সেঞ্চুরিয়ন থেকে সৌরভ  জানিয়েছিলেন, দুর্দান্ত অনুভূতি।

Truth Of Bengal: দিল্লি ক্যাপিটালসে মেন্টর ও ডিরেক্টর অব ক্রিকেটের ভূমিকা পালন করলেও এই প্রথম হেড কোচ হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে অভিষেক হল প্রাক্তন ভারত অধিনায়কের। তবে কোচিং জীবনের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল সৌরভকে। সেঞ্চুরিয়নে জোহানেসবার্গ সুপার কিংসের বিরুদ্ধে ২২ রানে হেরে যায় প্রিটোরিয়া ক্যাপিটালস। ম্যাচের আগে নিলামে নিজে উপস্থিত থেকে আগামী তিন বছরের পরিকল্পনা মাথায় রেখে দল গঠন করেছিলেন সৌরভ। ডেওয়াল্ড ব্রেভিস, কেশব মহারাজের মতো তারকা ক্রিকেটারদের দলে নিয়েও শুরুটা সুখকর হল না।

কোচ হিসেবে অভিষেকের অনুভূতি প্রসঙ্গে সেঞ্চুরিয়ন থেকে সৌরভ  জানিয়েছিলেন, দুর্দান্ত অনুভূতি। দিল্লি ক্যাপিটালসে ডিরেক্টর অব ক্রিকেট ছিলাম, হেড কোচ ছিলেন রিকি পন্টিং। প্রিটোরিয়াতেও আগেও কাজ করেছি, তবে দায়িত্ব আলাদা ছিল। এবার পুরোপুরি ভিন্ন দায়িত্ব। খুব এক্সসাইটেড। ভারতীয় দলে প্রথম সুযোগ পাওয়ার সময় যেমন অনুভূতি হয়েছিল, কোচ হিসেবে কাজ শুরু করার সময়ও অনেকটা সেরকমই লাগছে। তবে প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখল না প্রিটোরিয়া ক্যাপিটালস।

ম্যাচের বিবরণে, প্রথমে ব্যাট করে জোহানেসবার্গ সুপার কিংস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে। রাইলি রুসো ৪৮ এবং উইয়ান মুল্ডার ৪৩ রান করেন। শেষ দিকে আকিল হোসেনের ১০ বলে ২২ রানের ক্যামিও দলের রান বাড়াতে সাহায্য করে। প্রিটোরিয়ার পক্ষে কেশব মহারাজ কোনও উইকেট পাননি।রান তাড়া করতে নেমে প্রিটোরিয়ার শুরুটা ভালোই হয়েছিল। ওপেনার উইল স্মিদ ও ব্রাইস পার্সনস ৭১ রানের জুটি গড়েন। কিন্তু স্মিদের আউটের পরই ছন্দপতন। ডুয়ান জানসেনের দাপটে দ্রুত ভেঙে পড়ে ব্যাটিং লাইন-আপ। চার ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন ডুয়ান। ব্রেভিসও ব্যর্থ হন, মাত্র ৬ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২২ রানে হার মানতে হয় প্রিটোরিয়াকে।

তবে প্রথম ম্যাচে হারলেও দল নিয়ে আশাবাদী সৌরভ। তাঁর কথায়, টি-টোয়েন্টি লিগ লম্বা টুর্নামেন্ট, এক-আধটা ম্যাচ খারাপ যেতেই পারে। তিনি খেলোয়াড়দের সবসময় পজিটিভ থাকার বার্তা দিয়েছেন।

 

Related Articles