খেলা

ক্যামেরন গ্রিন কেন বল করেননি, জানালেন রাহানে  

গুজরাট টাইটান্সের কাছে হারের পর রাহানের হতাশা আরও বেড়েছে।

Truth Of Bengal: আইপিএলের শুরুতে ক্যামেরন গ্রিনকে বল হাতে না দেখা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। শুরুতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে সেই দায় চাপিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের উপর। কিন্তু কয়েকটি ম্যাচে বল করার পর আবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে গ্রিনকে বল করতে না দেখায় নতুন করে ধোঁয়াশা তৈরি হয়। এবার আর বাইরের কারও দিকে আঙুল না তুলে রাহানে নিজেই বিষয়টি পরিষ্কার করেন।

গুজরাট টাইটান্সের কাছে হারের পর রাহানের হতাশা আরও বেড়েছে। ছয় ম্যাচে পাঁচটি হার নিয়ে দল এখন কঠিন অবস্থায়। তবুও তিনি হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজে নিতে চান। বিশেষ করে ক্যামেরন গ্রিনের ব্যাট হাতে ফিরে আসাকে তিনি বড় সান্ত্বনা হিসাবে দেখছেন।

ম্যাচে শুরুতেই দ্রুত তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা। সেই অবস্থায় ক্যামেরন গ্রিন দারুণ লড়াই করেন। টানা খারাপ পারফরম্যান্সের পর তিনি ৫৫ বলে ৭৯ রান করে দলের ইনিংসকে সামলে দেন। যদিও সেই ইনিংস দলকে জয়ের মুখ দেখাতে পারেনি, তবুও মাঝের ওভারে গুজরাটকে চাপে ফেলতে পেরেছিল কলকাতা।

রাহানে বলেন, এই পরিস্থিতিতে ১৪৭ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর ১৮০-এর কাছাকাছি পৌঁছনো সহজ ছিল না। তবুও গ্রিনের লড়াই দলকে কিছুটা ভরসা দিয়েছে।

বোলিং নিয়েও রাহানে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, টানা হার সত্ত্বেও বোলাররা হাল ছাড়েনি এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে গিয়েছেন।

তবে গ্রিনকে কেন বল করতে দেখা যায়নি, সেই প্রশ্নের জবাবে রাহানে জানান, ফিটনেসই ছিল মূল কারণ। ম্যাচ চলাকালীন ক্যামেরন গ্রিন ক্র্যাম্পে ভুগছিলেন এবং বারবার মাঠের বাইরে যেতে হচ্ছিল। সেই কারণেই তাঁকে বল হাতে ব্যবহার করা হয়নি।

Related Articles