চাপ দেওয়া হয়েছে, গিলকে ওডিআই অধিনায়ক করানো নিয়ে বিস্ফোরক কাইফ
এক ইউটিউব ভিডিওতে তিনি দাবি করেছেন যে গিল সেই দায়িত্ব নিতে চাননি, বরং নির্বাচকদের তরফ থেকে তাঁকে চাপ দেওয়া হয়েছে।
Truth Of Bengal: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে রোহিত শর্মাকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে শুভমান গিলকে অধিনায়ক করা এই মুহূর্তে এক বড় আলোচনার বিষয় ভারতীয় ক্রিকেট মহলে। কেউ এই সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার অনেকে মনে করছেন এত তাড়াতাড়ি গিলকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। এবার এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন দলের প্রাক্তন তারকা ক্রিকেটার মহাম্মাদ কাইফ। এক ইউটিউব ভিডিওতে তিনি দাবি করেছেন যে গিল সেই দায়িত্ব নিতে চাননি, বরং নির্বাচকদের তরফ থেকে তাঁকে চাপ দেওয়া হয়েছে।(Mohammad Kaif)
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের ভারী বৃষ্টিতে বিধ্বস্ত জনজীবন, কবে মিলবে স্বস্তি?
মহাম্মাদ কাইফ বলেন, “প্রত্যাশিত ছিল এটা। তবে ২০২৭ সালের বিশ্বকাপের পর হবে বলে আমার মনে হয়েছিল। ওঁর মধ্যে কোয়ালিটি আছে এবং নিজের ফিটনেসের উপরও কাজ করেছে। তাঁর বাস্তবসম্মত সম্ভাবনা ছিল ২০২৭ সালের বিশ্বকাপ খেলার। তবে গিলের উপর ভার পড়ে। তাড়াহুড়ো করে সবকিছু করা হচ্ছে। ক্ষতিও হতে পারে এতে। যখন আপনি এতকিছু পান অল্প সময়ের মধ্যে, তখন বিপরীতমুখী হতে পারে এটি।”(Mohammad Kaif)
প্রাক্তন ভারতীয় তারকা আরও বলেন, “আমার বক্তব্য এটাই যে গিলের উপর বেশি বোঝা দিয়ে দিও না। ও টেস্টে নেতৃত্ব দেয়, চার নম্বরে ব্যাট করে। এশিয়া কাপে সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। ও দায়িত্ব নেবে স্কাই সরে গেলেই। এখন ওডিআই অধিনায়ক করা হয়েছে। আমার মনে হয় তাড়াহুড়ো করে সবকিছু করা হচ্ছে। অধিনায়কত্ব কখনও একজন ক্রিকেটার চায়না। সকলেই জানে ও সেটা চায়নি। তুমি এটা দাবি করতে পারো না। কিন্তু সবাই ওকে পছন্দ করে এবং বিবেচনা করে ভবিষ্যতের জন্য অধিনায়ক হিসেবে। ওকে চাপ দিয়েছেন অজিত আগারকার সহ নির্বাচকরা।” বলে রাখা ভালো, আসন্ন ওডিআই সিরিজে স্কোয়াডে রয়েছেন রোহিত। তবে তিনি খেলবেন আর পাঁচটি ক্রিকেটারের মতোই, অধিনায়ক হিসেবে নয়।(Mohammad Kaif)



