খেলা

সাধের চুল ফেলে ন্যাড়া হলেন হার্দিক, বান্ধবী মাহিকাকে নিয়ে পুজো দিলেন তিরুপতি মন্দিরে

সব সাধের চুল বিসর্জন! তিরুমালা মন্দিরে হার্দিককে এই অবতারে দেখে স্তম্ভিত ক্রিকেট দুনিয়া!

Truth of Bengal: বাইশ গজে নিত্যনতুন হেয়ারস্টাইল আর ফ্যাশন স্টেটমেন্টের জন্য যিনি পরিচিত, সেই তারকা অলরাউন্ডারকে দেখে এবার পুরোপুরি চমকে গেলেন ক্রিকেটপ্রেমীরা। সাধের চুল বিসর্জন দিয়ে একবারে ন্যাড়া মাথার নতুন অবতারে ধরা দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। রবিবার ভোরে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুমালার শ্রী বেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে পুজো দিতে দেখা গেল তাঁকে। তবে একা নন, তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী মাহিকা শর্মাও।

বিগত আইপিএলের পর থেকেই চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। এমনকি ইংল্যান্ড সফর থেকেও বাদ পড়তে হয়েছে তাঁকে। তবে রবিবারের ভোরে তিরুমালা মন্দিরে তাঁর উপস্থিতি নজর কাড়ে ভক্তদের। সূত্রের খবর, ভোর ৩টে থেকে ৪টের মধ্যবর্তী সময়ে শ্রী বেঙ্কটেশ্বরা স্বামীর বিশেষ ‘সুপ্রভাতম সেবা’-য় অংশ নেন হার্দিক ও মাহিকা। সম্পূর্ণ সাদা পোশাকে এবং মন্দিরের লাল চাদর গায়ে জড়িয়ে প্রায় আধ ঘণ্টা ধরে চলা এই বিশেষ প্রার্থনায় অংশ নেন দু’জনে। মন্দিরের পবিত্র আচার ও রীতি মেনেই হার্দিক নিজের মাথার সমস্ত চুল দান করেছেন বলে মনে করা হচ্ছে।

মাঠের বাইরে থাকলেও হার্দিককে ঘিরে চর্চার কিন্তু কোনো শেষ নেই। আগামী আইপিএলের আগেই মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সাথে তাঁর সম্পর্কে ফাটল ধরার জল্পনা তীব্র হয়েছে। প্রত্যাশিত পারফরম্যান্স না মেলায় মুম্বই দল তাঁকেই ছেড়ে দিতে পারে বলে জোর খবর। আর এই আবহেই বডোদরার এই তারকাকে নিজেদের দলে টানতে লড়াই শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টসের মতো বড় দলগুলি।

রাজনৈতিক ও ক্রিকেটীয় বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন আইপিএল নিলামে হার্দিকের দর অন্তত ২০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যার মধ্যে মহেন্দ্র সিং ধোনির সিএসকে (CSK) এই দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে বলে খবর। একদিকে আইপিএলের বিশাল দর এবং অন্যদিকে নতুন লুক, সব মিলিয়ে এখন সমাজমাধ্যমে ভাইরাল হার্দিক ও মাহিকার এই তিরুপতি সফরের ছবি ও ভিডিও।

Related Articles