Mumbai Indians: দ্য হান্ড্রেড-এ এবার ‘এমআই ঝড়’! ওভাল ইনভিনসিবলসের ৪৯% মালিকানা কিনল মুম্বই ইন্ডিয়ান্স
২০২১ ও ২০২২ সালে শিরোপা জেতে মহিলা দল, আর ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত টানা ট্রফি জেতে পুরুষ দল।
Truth of Bengal: ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এ এবার দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সকে। ওভাল ইনভিনসিবলসের ৪৯ শতাংশ মালিকানা কিনে নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা করেছে সংস্থাটি। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের এই লিগে আরও গভীরভাবে প্রবেশ করল আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি।ওভাল ইনভিনসিবলস পাঁচ মরশুমে পাঁচটি শিরোপা জিতে ‘দ্য হান্ড্রেড’-এ আধিপত্য বিস্তার করেছে। ২০২১ ও ২০২২ সালে শিরোপা জেতে মহিলা দল, আর ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত টানা ট্রফি জেতে পুরুষ দল। এবার সেই সফল ফ্র্যাঞ্চাইজি যুক্ত হচ্ছে ‘এমআই’ পরিবারে।
রিলায়েন্স ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সারের সঙ্গে চুক্তি করে ওভাল ইনভিনসিবলসের ৪৯ শতাংশ শেয়ার কিনেছে। নতুন চুক্তির ফলে দলের নাম বদলে হবে ‘এমআই লন্ডন’। অর্থাৎ, পুরুষ ও মহিলা দুই দলই এই নতুন নামে খেলবে।জানা গেছে, ৪৯ শতাংশ শেয়ার কিনতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ব্যয় করেছে ৬০.২৭ মিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭২৪ কোটি টাকা। বাকি ৫১ শতাংশ মালিকানা থাকবে সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের কাছে।সারে চেয়ারম্যান অলি স্লিপার বলেন,হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি দলে রিলায়েন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।অন্যদিকে, এমআই কর্ণধার আকাশ আম্বানি জানান,দ্য হান্ড্রেডের সবচেয়ে সফল দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা উচ্ছ্বসিত। এটি আমাদের ক্রিকেট ব্যবসায় নতুন দিগন্ত খুলে দেবে।
২০২৪ সাল থেকে দ্য হান্ড্রেডের দল কেনার আগ্রহ দেখাতে শুরু করে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস লিগে প্রবেশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল মুম্বই ইন্ডিয়ান্সও।রিলায়েন্সের নতুন পদক্ষেপে দ্য হান্ড্রেডের আকর্ষণ আরও বাড়বে বলে মনে করছে ক্রিকেট মহল। পাঁচ বছরের সফল ইতিহাস নিয়ে ওভাল ইনভিনসিবলস তথা নতুন ‘এমআই লন্ডন’ আগামী মরশুমে আরও বড় তারকা আকর্ষণ করবে বলেই মনে করা হচ্ছে।






