ক্রিকেটের ডার্বিতে মশাল নেভাল মোহনবাগান
ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৮ রান করে ইস্টবেঙ্গল।
Truth Of Bengal: রবিবার জেসি মুখার্জি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে পরস্পরের মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ক্রিকেটের এই ডার্বিতে অবশ্য বাজিমাত করল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী লাল-হলুদকে ৪ উইকেটে হারাল পালতোলা নৌকো বাহিনী।
ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৮ রান করে ইস্টবেঙ্গল। মশাল বাহিনীর হয়ে ব্যাট হাতে ৫৬ বলে ৯৬ রানের অনবদ্য ইনিংস উপহার দেন ঋতিমান পোড়েল। কিন্তু তাঁর সেই রান কাজে লাগল না। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারেই মোহনবাগানের সংগ্রহ ১৮১ রান। সবুজ-মেরুনের হয়ে ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন অভিষেক কুমার। লাল হলুদের হয়ে বল হাতে ৩৮ রানের বিনিময়ে ৩ উইকেট ঝুলিতে পোড়েন সৌরভ হালদার।
উল্লেখ্য, চলতি বছরের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তপন মেমোরিয়ালের কাছে হারের মুখ দেখেছিল ইস্টবেঙ্গল। ফলে ডার্বি ম্যাচ মশাল ব্রিগেডের কাছে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেই ম্যাচেও হারের মুখ দেখতে হল তাদের। অপর দিকে প্রথম ম্যাচে মহমেডানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ডার্বি জয় করে টানা দুই ম্যাচে জয়ের ধারা বজায় রাখল সবুজ-মেরুন ব্রিগেড।


