বুমরাহকে বিশ্রাম দিয়ে শামিতেই কি ভরসা? কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বড় চমক বোর্ডের
ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ৩৫ বছরের এই পেসার।
Truth Of Bengal: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আবারও জাতীয় নির্বাচকদের নজর কাড়লেন মহম্মদ শামি। দীর্ঘদিন ভারতীয় জার্সিতে না দেখা গেলেও, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরাল হচ্ছে। বোর্ড সূত্রের খবর, বাংলার এই অভিজ্ঞ পেসারকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছেন নির্বাচকেরা। শেষবার ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের হয়ে খেলেছিলেন শামি। তার পর চোট ও ফিটনেস সংক্রান্ত অনিশ্চয়তার কারণে জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ৩৫ বছরের এই পেসার।
সূত্র মারফত খবর, বোর্ড মহম্মদ শামিকে নিয়ে নিয়মিত আলোচনা হয়। তারা জানিয়েছে, তাঁর মত বোলারকে কখনই পরিকল্পনার বাইরে রাখা যায় না। সবচেয়ে বড় প্রশ্ন ছিল ফিটনেস নিয়ে। তবে ওর মান নিয়ে কোনও সন্দেহ নেই। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে ওকে দলে নেওয়া হতে পারে। এমনকি ২০২৭ সালের বিশ্বকাপেও ও আমাদের ভাবনায় থাকতে পারে।
চলতি মরসুমে বাংলার হয়ে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন শামি। রঞ্জি ট্রফির ৪ ম্যাচে ২০ উইকেট, সৈয়দ মুস্তাক আলি ট্রফি ১৬ উইকেট, বিজয় হাজারে ট্রফিতে ৪ ম্যাচে ৮ উইকেট। বুধবার জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বিজয় হাজারেতে মাত্র ৬ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। বাংলার শেষ ম্যাচেও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন শামি। এই ধারাবাহিক পারফরম্যান্সে নির্বাচকদের মন জয় করেছেন তিনি।জাতীয় দলে সুযোগ না পেয়ে একসময় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন শামি। নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, শামির চোট নিয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই। এর জবাবে শামি বলেছিলেন, নিজের চোটের খবর বোর্ডকে জানানো তাঁর দায়িত্ব নয় এবং বোর্ডের কেউ তাঁর সঙ্গে যোগাযোগও করেননি।
তবে এরপর রঞ্জি ও মুস্তাক আলির একাধিক ম্যাচে জাতীয় নির্বাচকদের উপস্থিতিতে খেলেছেন শামি। মাঠের পারফরম্যান্সেই তিনি নিজের উত্তর দিয়েছেন।নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিংহ ও হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হলেও প্রসিদ্ধের পারফরম্যান্স নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেনি। সেই জায়গাতেই শামিকে ফেরানো হতে পারে বলে খবর। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে সর্বাধিক ২৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার ছিলেন শামি। আশ্চর্যের বিষয়, প্রথম চার ম্যাচে সুযোগই পাননি তিনি। এরপর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। এখন প্রশ্ন একটাই—২০২৭ বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৩৭। ততদিন ফিটনেস ধরে রাখতে পারবেন কি না, সেটাই বড় চ্যালেঞ্জ।






