খেলা

চেন্নাই দলে সঞ্জু-ঋতুরাজ জুটির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য অশ্বিনের

এই জুটি কতটা ফলপ্রসূ হবে তা নিয়েই এবার নিজের মতামত ব্যক্ত করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

Truth Of Bengal: আসন্ন আইপিএল-র আসরে এবার চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলতে দেখা যাবে রাজস্থান রয়্যালসের প্রাক্তন ক্রিকেটার সঞ্জু স্যামসনকে। ইতিমধ্যেই সিএসকে দলে সঞ্জু-ঋতুরাজের জুটিকে নিয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছেন চেন্নাই ভক্তরা। তবে এই জুটি কতটা ফলপ্রসূ হবে তা নিয়েই এবার নিজের মতামত ব্যক্ত করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে মতামত জানাতে গিয়ে অশ্বিন বলেন, ‘ঋতুরাজ ও সঞ্জুর মধ্যে অনেক মিল রয়েছে। ওরা দুজনের মধ্যেই ব্যাট হাতে যথেষ্ট ভাল রান করতে পারেন। আমার আশা এবারের আইপিএল-ও তার ব্যতিক্রম হবে না। একজন যেমন বল কাছে আসার পর হিট করেন,  আর একজন শুরু থেকেই বলকে আক্রমণ করেন। যেটা আমরা সবাই জানি। সুতরাং আমার আশা চেন্নাই দলেও এদের দুজনের মধ্যে ঠিক সেই জিনিষটাই দেখতে পাব।’

পাশাপাশি সিএসকে দলের ব্যাটিং লাইন আপ নিয়ে মন্তব্য করতে গিয়ে অশ্বিন বলেন, ‘মহারাষ্ট্রের হয়ে যেহেতু ঋতুরাজ তিন নম্বরে ব্যাটিং করছেন, সেইহেতু চেন্নাই দলের হয়েও ওই পজিশনেই ও ব্যাট করতে চাইবেন। ফলে চাপে পড়বেন উর্ভিল প্যাটেল। কেননা তাঁকে কোন পজিশনে ব্যাট করতে পাঠানো হবে তা নিয়েই হয়ত কিছুটা দ্বিধায় থাকবেন চেন্নাই টিম ম্যানেজমেন্ট। তবে আমার মনে হয় সঞ্জু ও ঋতুরাজ ওপেন করলে ৩ নম্বরে উর্ভিলকেই নামানো উচিত। এখন দেখা যাক টিম ম্যানেজমেন্ট কিভাবে দল সাজান তা সময়ই বলবে।’

Related Articles