খেলা

কোচিংয়ের প্রথম দু’ম্যাচে হার,দক্ষিণ আফ্রিকার লিগে চাপে সৌরভের প্রিটোরিয়া ক্যাপিটালস 

প্রথম ম্যাচে জো’বার্গ সুপার কিংসের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে ৪৮ রানের বড় ব্যবধানে পরাজয় স্বীকার করতে হয় প্রিটোরিয়াকে।

Truth Of Bengal: দিল্লি ক্যাপিটালসে কখনও মেন্টর, কখনও ডিরেক্টর অব ক্রিকেট—এমনকি ভারতীয় দলের অধিনায়ক থেকে শুরু করে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে হেডকোচ হিসেবে এই প্রথম দায়িত্ব নেওয়া দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসে তাঁর শুরুটা মোটেও সুখের হল না।লিগের শুরুতেই পরপর দুই ম্যাচে হারের মুখ দেখতে হল সৌরভের কোচিংয়ে থাকা প্রিটোরিয়া ক্যাপিটালসকে।

শনিবারের পর আবারও পরাজিত হয় কেশব মহারাজের নেতৃত্বাধীন দল। প্রথম ম্যাচে জো’বার্গ সুপার কিংসের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে ৪৮ রানের বড় ব্যবধানে পরাজয় স্বীকার করতে হয় প্রিটোরিয়াকে। দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সানরাইজার্স ইস্টার্ন কেপ। দলের হয়ে ঝোড়ো সূচনা করেন কুইন্টন ডি’কক। ৪৭ বলে ৭৭ রানের দাপুটে ইনিংস খেলেন তিনি। তিন নম্বরে নেমে ম্যাথিউ ব্রেটস্কি ৩৩ বলে ৫২ রান করেন। শেষদিকে জর্ডান হারম্যানের ২০ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান তোলে ইস্টার্ন কেপ।

রান তাড়ায় নেমে খুব কঠিন লক্ষ্য না থাকলেও শুরু থেকেই চাপে পড়ে যায় প্রিটোরিয়া। ইনিংসের গোড়াতেই মার্কো জানসেন ও অ্যাডাম মিলনে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন। ‘বেবি এবি’ নামে পরিচিত ডেওয়াল্ড ব্রেভিস বড় শট খেলতে গিয়ে দ্রুত সাজঘরে ফেরেন। অ্যাডাম মিলনে একাই চার উইকেট নিয়ে প্রিটোরিয়ার ব্যাটিং লাইনআপ কার্যত গুঁড়িয়ে দেন। শেষ পর্যন্ত ৪৮ রানে ম্যাচ হারতে হয় সৌরভের দলকে।প্রথম ম্যাচে হারের পরও দল নিয়ে আশাবাদী ছিলেন অধিনায়ক কেশব মহারাজ। তাঁর মতে, আন্দ্রে রাসেল প্রথম দু’টি ম্যাচে দলের সঙ্গে ছিলেন না। আপাতত তিনি ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ খেলছেন। রাসেল যোগ দিলে দল আরও শক্তিশালী হবে বলেই আশাবাদ সৌরভ ও মহারাজের।বর্তমানে পয়েন্ট টেবিলে ছ’টি দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। গত দুই মরশুমেই প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল দলটি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিংয়ে এবারও কি সেই ব্যর্থতার ছায়া তাড়া করবে প্রিটোরিয়াকে—সে প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে।

Related Articles