Banke Bihari Temple: ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ দর্শন? ভিড় সামলাতে ভক্তদের বড় ‘নিষেধাজ্ঞা’ বাঁকে বিহারীজি মন্দিরে
একটি ঘোষণাপত্রে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মন্দির দর্শনে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
Truth of Bengal: বৃন্দাবনের শ্রী বাঁকে বিহারীজি মন্দির কর্তৃপক্ষ পুণ্যার্থীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে। মন্দিরের একটি ঘোষণাপত্রে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মন্দির দর্শনে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। নিরাপত্তা ও জনসুরক্ষার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, নতুন বছরকে ঘিরে বৃন্দাবনে পুণ্যার্থীদের ভিড়। প্রতিদিন হাজার হাজার ভক্ত মন্দিরের সরু গলিপথে পৌঁছচ্ছেন, যা চলাচলের জন্য নিরাপদ নয়।
এমন পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি থাকায় দর্শন এড়িয়ে যাওয়ার জন্য পুণ্যার্থীদের আগেভাগে সতর্ক করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়দিনের আগে থেকেই বৃন্দাবনে ভিড় বাড়তে শুরু করেছে। বাঁকে বিহারীজি মন্দিরে যাত্রাপথও অত্যন্ত সংকীর্ণ। পুণ্যার্থীদের সিঁড়ি, গলি এবং মন্দির চত্বরের ভিড় সামলাতে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ কড়া নজরদারি চালাচ্ছেন। জেলা প্রশাসনও পরিস্থিতি সামাল দিতে সক্রিয় ভূমিকা নিয়েছে। বাইরে থেকে আসা যানবাহন প্রবেশের অনুমতি সীমিত করা হয়েছে।
মন্দির ও আশপাশের রাস্তাঘাটে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক পদক্ষেপ গ্রহণ করছে। মন্দির কর্তৃপক্ষ পুনরায় অনুরোধ জানাচ্ছেন, জনভিড়ের কারণে নিরাপত্তা ঝুঁকি এড়াতে পুণ্যার্থীরা আপাতত ৫ জানুয়ারি পর্যন্ত দর্শন এড়িয়ে চলুন।




