খেলা

বাইশ গজে নয়া ইতিহাস! এক ওভারে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার পেসার

ঠিক সেই সময় ১৬তম ওভারে বল করতে এসে ইতিহাস রচনা করেন প্রিয়ান্দানা।

Truth Of Bengal: বাইশ গজের যুদ্ধে তৈরি হল এক অনন্য বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথম এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিরুদ্ধে এই অসাধারণ পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন ২৮ বছর বয়সি এই বোলার।ম্যাচে ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ১০৬ রান করেছিল কম্বোডিয়া। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ৩০ বলে ৬২ রান—যা টি-২০ ক্রিকেটে অসম্ভব নয়। ঠিক সেই সময় ১৬তম ওভারে বল করতে এসে ইতিহাস রচনা করেন প্রিয়ান্দানা।

নিজের ওভারের প্রথম তিন বলে তিনি আউট করেন শাহ আব্রার হুসেন, নির্মলজিৎ সিংহ ও চানথোইয়ান রথনককে, পূর্ণ করেন হ্যাটট্রিক। চতুর্থ বলটি ডট যায়। পঞ্চম বলে একটি ওয়াইড হলেও শেষ দুই বলে মংদারা সোক ও পেন ভেন্নাককে আউট করে কম্বোডিয়ার ইনিংসের ইতি টানেন তিনি। এক ওভারে মাত্র ১ রান দিয়ে ৫ উইকেট—এই পরিসংখ্যানেই গড়ে ওঠে বিশ্বরেকর্ড। শেষ পর্যন্ত ৬০ রানে ম্যাচ জেতে ইন্দোনেশিয়া।

উল্লেখ্য, প্রিয়ান্দানা এই ম্যাচে ওপেনিং ব্যাটার হিসেবেও নামেন। যদিও ব্যাট হাতে ১১ বলে মাত্র ৬ রান করেন তিনি, বল হাতে সেই ঘাটতি পূরণ করে দলকে জয় এনে দেন।এর আগে টি-২০ ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির ছিল কেবল ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশের আল আমিন হোসেন (২০১৩–১৪ ভিক্টোরি ডে টি-টোয়েন্টি) এবং ভারতের অভিমন্যু মিঠুন (২০১৯–২০ সৈয়দ মুস্তাক আলি ট্রফি) এই কীর্তি গড়েছিলেন। তবে আন্তর্জাতিক টি-২০ তে এর আগে ১৪ বার এক ওভারে চার উইকেট পড়লেও পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এই প্রথম। গেদে প্রিয়ান্দানার এই কীর্তি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকল।

Related Articles