দীপাবলিতে বিশ্বরেকর্ড গড়বে অযোধ্যা! জ্বালানো হবে ২৬ লক্ষ-এর অধিক প্রদীপ
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, অযোধ্যার এই আলোকমালা শুধু চোখ জুড়াবে না, কোটি মানুষের মনে ভক্তির সঞ্চার করবে।
Truth Of Bengal: ভগবান শ্রী রামের অযোধ্যায় প্রত্যাবর্তনকে স্মরণ করে রবিবার থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত দীপাবলি উৎসব। এই বছর অযোধ্যার দীপোৎসবে লেখা হতে চলেছে এক নতুন ইতিহাস। একসঙ্গে ২৬ লক্ষ ১১ হাজার ১০১টি প্রদীপ জ্বালিয়ে গড়া হবে বিশ্বরেকর্ড। সরযূ নদীর ধারে ‘রাম কি পৌড়ি’ এবং আশপাশের ৫৬টি ঘাটে এই অভূতপূর্ব প্রদীপ প্রজ্বলনের আয়োজন করছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, অযোধ্যার এই আলোকমালা শুধু চোখ জুড়াবে না, কোটি মানুষের মনে ভক্তির সঞ্চার করবে।
গত বছর ২৫ লক্ষ প্রদীপ জ্বালানোর রেকর্ড গড়েছিল অযোধ্যা। এ বছর সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছনোর প্রস্তুতি চলছে। প্রায় ৩৫ হাজার স্বেচ্ছাসেবক এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বিশাল আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রদীপে সলতে ও তেল ভরার কাজ সকাল থেকেই শুরু হয়েছে। সন্ধ্যায় একযোগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান।রেকর্ড যাচাইয়ের জন্য অযোধ্যায় উপস্থিত রয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ১৫০ সদস্যের একটি দল। তাঁদের মধ্যে রয়েছেন অ্যাডজুডিকেটর রিচার্ড স্টেনিং। প্রতিটি প্রদীপের হিসেব রাখা হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে। ড্রোন, উচ্চ প্রযুক্তির সফটওয়্যার এবং ডিজিটাল অডিটিং সিস্টেম ব্যবহার করে গণনা নিশ্চিত করা হবে।
এ ছাড়াও, একসঙ্গে ২,১০০ জন ভক্ত সরযূ আরতিতে অংশ নেবেন, যা নিজেই একটি সম্ভাব্য বিশ্বরেকর্ড। আরতির ট্রায়াল পরিচালনা করছেন ১৯০ জনের বিশেষ দল।জেলাশাসক নিখিল টিকারাম জানিয়েছেন, দীপোৎসবকে আগের চেয়ে আরও জাঁকজমকপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রদীপ প্রজ্বলন ও আরতির পাশাপাশি হবে লেজার ও ড্রোন শো।১৮ ও ১৯ অক্টোবর দেশীয় প্রযুক্তিতে নির্মিত ১,১০০টি ড্রোন-এর সাহায্যে অনুষ্ঠিত হবে বিশেষ লেজার ও হলোগ্রাফিক শো, যেখানে রামায়ণের কাহিনি ফুটিয়ে তোলা হবে। পাঁচটি দেশের শিল্পীরা অংশ নেবেন এই মহাউৎসবে।এটি অযোধ্যার দীপোৎসবের নবম সংস্করণ। প্রতি বছরই নতুন রেকর্ডের সাক্ষী থাকবে এই শহর।






