নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পে স্বস্তি, সবুজ সংকেত হাইকোর্টের
তবে কোন কোন তারিখ সেই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, তা আগামী ৬ জানুয়ারির মধ্যে নির্মাণকারী সংস্থা আরভিএনএল-কে জানানোর নির্দেশও দিয়েছে আদালত।
Truth Of Bengal: চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের জট অবশেষে কাটতে চলেছে। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। শুনানিতে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশ, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই শেষ করতে হবে চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ। এই সময়সীমার মধ্যেই তিন রাত ট্রাক ফফিক নিয়ন্ত্রণ করতে হবে পুলিশকে। তবে কোন কোন তারিখ সেই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, তা আগামী ৬ জানুয়ারির মধ্যে নির্মাণকারী সংস্থা আরভিএনএল-কে জানানোর নির্দেশও দিয়েছে আদালত।
কলকাতা শহরকে কেন্দ্র করে মেট্রোরেলের সম্প্রসারণের কাজ চলছে। ইতিমধ্যেই নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। কিন্তু চিংড়িঘাটায় পিলার বসানোর সমস্যার জন্য আটকে রয়েছে এই প্রকল্পের কাজ। কাজ অসম্পূর্ণ রয়েছে মাত্র ৩৬৬ মিটার। সেখানে পিলার নির্মাণ করা হবে। আর সেই কাজ করতে ট্রাফিক ব্লক করতে হবে। আর তা করা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। এই বিষয়টি নিয়ে মামলা গড়ায় কলকাতা হাই কোর্টেও। এই নিয়ে একাধিকবার রাজ্য, কেন্দ্র এবং নির্মাণকারী সংস্থা আরভিএনএল সহ একাধিক দফতরের সঙ্গে বৈঠকও হয়। এমনকি কলকাতা হাই কোর্টের নির্দেশে কয়েক দফায় বৈঠকেও বসেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। তবে তার পরেও কাটেনি জট।
কলকাতা হাই কোর্টে গত সপ্তাহের শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। নির্মাণকারী সংস্থা আরভিএনএল আদালতে জানায়, পুলিশ জানিয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাসের কোনও এক সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে। কিন্তু মাত্র তিনদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ শেষ হয়ে যাবে বলে জানায় আরভিএনএল। এর পরেই জানুয়ারি মাসে এই কাজ করা সম্ভব কিনা তা রাজ্যকে জানাতে নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার মামলার শুনানির পরই চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের পিলার নির্মাণে সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট।






