ত্রিপুরায় চাঙ্গা সবুজ শিবির! তৃণমূলে যোগ দিল সিপিএম-এর বহু নেতা-কর্মী
Truth Of Bengal: কুনাল ঘোষদের পা রাখার পর তৃণমূলের সংগঠন চাঙ্গা বিজেপি শাসিত ত্রিপুরায়। আগের থেকে যেমন সক্রিয় হয়েছে, তেমনি বাড়ছে যোগদানও। শুক্রবার ভাঙন দেখা যায় সিপিএমে। তাদের হাত ছেড়ে ৩৫ জন নেতাকর্মী যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানান যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা। রাজনৈতিক মহলের মতে, এই মুহূর্তে ত্রিপুরার মাটিতে এটি একটি বড় পাওনা তৃণমূল কংগ্রেসের, যা দলকে মজবুত করবে।
সম্প্রতি, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে হামলা চালানো হয়। এরপর সেখানে পরিস্থিতি দেখতে যান ঘাসফুল শিবিরের প্রতিনিধি দল। কিন্তু সেখানে তাঁদের পড়তে হয় পুলিশি বাধার মুখে। দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে ইচ্ছাকৃত তাঁদের আটকানো হয়েছে। যদিও শেষ পর্যন্ত সমস্ত বাধা অতিক্রম করে দলীয় কার্যালয়ে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা।
তবে কুনাল-সায়নীদের সেই সফরের পরই দলে দেখা যায় পরিবর্তন। দলীয় কর্মীদের মনোবল বাড়িয়ে দেওয়ায় তাঁরা সক্রিয় হয়ে ওঠেন এবং রাজনৈতিক কর্মসূচি শুরু হয়। রোজ পার্টি অফিসে ভিড় বাড়তে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচন হতে এখনও দেরি এবং দলের কাছে সময় আছে তার আগে সংগঠন সাজানোর। ওয়াকিবহাল মহলের মতে ভোটের আগে নিজেদের সবদিক দিয়ে তৈরি করতে পারলে দল আগের চেয়ে ভালো ফল করতে পারবে।






