দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই রোহিত-বিরাটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে : শুভমন
এইসবের মধ্যেই গত শনিবার সিডনির মাঠে ব্যাট হাতে জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার এই ‘রো-কো’ জুটি।
Truth Of Bengal: বিরাট ও রোহিতের আগামী ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে এখন চলছে জোরকদমে আলোচনা। আগামী ২০২৭ সালের বিশ্বকাপে ‘রো-কো’ জুটিকে আদৌ দেখা যাবে কি না সেটাই হল আলোচনার মূল বিষয়বস্তু। এইসবের মধ্যেই গত শনিবার সিডনির মাঠে ব্যাট হাতে জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার এই ‘রো-কো’ জুটি। সিডনি ম্যাচে জয়ের পর যখন বিরাট-রোহিতের আগামীর ভবিষ্যত কি হবে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর সরাসরি দিলেন অধিনায়ক শুভমন গিল।
সাংবাদিকরা যখন ‘রো-কো’ জুটির ভবিষ্যত জানতে চান, তখন শুভমন জানান, ‘আমরা এখনও আগামী দিনের বিষয় নিয়ে ওদের সঙ্গে কথা বলিনি। আগামী ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হবে। তারপর আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলব। সেটা আগামী বছরের একদম শুরুতে। কাজেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের পর অনেকটাই হাতে সময় পাওয়া যাবে। তখন আমরা এই বিষয়ে আলোচনা করব।’
তবে সমস্যাটা হচ্ছে, যেহেতু এই ফরম্যাটের ক্রিকেটে ভারতের আর বেশি ম্যাচ হাতে নেই। মোট ছটি একদিনের ম্যাচ খেলতে পারবে টিম ইন্ডিয়া। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি। বিরাট ও রোহিত পারফরম্যান্স করার সুযোগও বেশি পাবেন না। ফলে তখন হয়ত তাঁদের বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে।
এদিকে সিডনির মাঠে যখন বিরাট ও রোহিত অনবদ্য ব্যাটিং করে জয়ের দিকে ক্রমশ দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন, তা অধিনায়ক হিসেবে ড্রেসিংরুম থেকে দেখে কেমন লাগছিল জানতে চাইলে গিল বলেন, ‘এই অভিজ্ঞতা অসাধারণ। এবং দলের দুজন সিনিয়র ক্রিকেটার যখন দলকে ম্যাচ জেতানোর জন্য এমন অসাধারণ ব্যাটিং করছেন যা দেখে অধিনায়ক হিসেবে আমি দারুণ খুশি। এবং আমার সবচেয়ে বেশি ভাল লাগে, যখন দুজন সিনিয়র ক্রিকেটার ছন্দে থেকে প্রতিপক্ষ বোলারদের বলগুলি একের পর এক শট খেলে বাউন্ডারির বাইরে পাঠান। তখনই বোঝা যায়, তাঁরা কতটা ছন্দে রয়েছেন।’
সবশেষে শুভমন আরও বলেন, ‘টিম মিটিংয়ে আমরা প্রায়শই বলি দলের দুজন সিনিয়র ক্রিকেটারকে লক্ষ্য রাখ, তাঁরা কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং শেষ একদিনের ম্যাচে তাঁদের দুজনের ছন্দে ফেরাটা আমাদের কাছে অনেকটা বোনাস পাওয়ার মত।’



