সরকার আর ফ্রাঞ্চাইজির ভুলেই নাকি মৃত্যু, বিস্ফোরক দাবি ডেকান হেরাল্ডের
Deccan Herald makes explosive claim that death was due to the mistake of the government and the franchise
Truth of Bengal: চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনা ঘটার আগে নাকি সরকার ও ফ্রাঞ্চাইজিকে অনুষ্ঠান না করার পরামর্শ দিয়েছিল পুলিশ। ডেকান হেরাল্ডের একটি রিপোর্টে এমন বিস্ফোরক দাবি করা হয়েছে। এখানেই শেষ নয়, রিপোর্টে আরো জানানো হয়েছে যে হাজার অনুরোধ করা সত্ত্বেও তাতে পাত্তা দেওয়া হয়নি এবং এর জেরেই দুর্ঘটনাটি ঘটে এবং প্রাণ হারান ১১ জন।
আরসিবি আইপিএল ২০২৫ জিতলেও বর্তমানে তাদের নিন্দার মুখে পড়তে হচ্ছে চিহ্নস্বামীতে পদপিষ্টের ঘটনার ফলে। রাজ্য সরকারকেও বিরোধীরা তীব্র কটাক্ষ করেছে। অনেকে মুখ্যমন্ত্রী এম সিদ্দারামাইয়ার পদত্যাগের দাবি পর্যন্ত করেছেন। এখানেই শেষ নয়, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে কর্ণাটক হাই কোর্ট। এই মুহূর্তে পুরো ঘটনার তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যেই তাদের তরফ থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
এবার ঘটনা প্রসঙ্গে এক বিস্ফোরক রিপোর্ট পেশ করা হয়েছে ডেকান হেরাল্ডের তরফ থেকে। তাতে বলা হয়েছে, “প্রথমে বিধান সৌধের সামনে উদযাপন করার পরিকল্পনা ছিল আরসিবির। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় তারা বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তারপর হুড খোলা গাড়িতে রোড শো করে চিহ্নস্বামী যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এক পুলিশ আধিকারিক জানান, সেই অনুমতিও দিতে চাননি তারা এবং এই অনুষ্ঠানটি রবিবার করতে বলেন। কিন্তু ফ্রাঞ্চাইজির তরফ থেকে জানানো হয় যে ততদিন পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের ধরে রাখা অসম্ভব। অবশেষে তারা সিদ্ধান্ত থেকে নড়তে চায়নি দেখে চিহ্নস্বামীতে অনুষ্ঠান করার অনুমতি দেয় পুলিশ। তবে রোড শো বাতিল করে।” এবার দেখার বিষয় যে এই রিপোর্ট প্রসঙ্গে আরসিবি ও রাজ্য সরকার কি বক্তব্য পেশ করে। আরো কি বিপদে পড়বে দু’পক্ষ? তা বলবে সময়।






