খেলা

শেষ রক্ষা হল না অস্টিনের, ১৭ বছর বয়সেই চির ঘুমের দেশে পাড়ি দিলেন অজি ক্রিকেটার

সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত মঙ্গলবার মেলবোর্নের ফের্নট্রি ক্রিকেট ক্লাবে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার আগে অনুশীলন করতে মাঠে নেমেছিলেন অস্টিন।

Truth Of Bengal: না শেষ পর্যন্ত বাঁচানো গেল না অস্ট্রেলিয়ার কিশোর ক্রিকেটার বেন অস্টিনকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করেই পরোলোকে পাড়ি দিলেন অস্টিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১৭ বছর। সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত মঙ্গলবার মেলবোর্নের ফের্নট্রি ক্রিকেট ক্লাবে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার আগে অনুশীলন করতে মাঠে নেমেছিলেন অস্টিন। সেই সময় তাঁর হেলমেট পড়া থাকলেও, ‘নেক গার্ড’ পড়া ছিল না। এবং থ্রোয়ারের ছোড়া বলেই কাঁধে গুরুতর চোট পান অস্টিন। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হল না।

এদিকে অস্টিনের মৃত্যুর খবর পাওয়ার পর অস্টিনের ক্লাব ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা জানিয়ে বিবৃতিতে জানিয়েছে, ‘বেনের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।’ ক্লাবের সভাপতি আর্নি ওয়াল্টার্স বলেন, ‘বেন স্থানীয় ক্রিকেটে যেমন মেধাবী ছিল, তেমনি ছিল সবার প্রিয়। আমরা জানি, ওর মৃত্যুর খবর আমাদের সম্প্রদায়ের ওপর কতটা গভীর প্রভাব ফেলবে।’

ছেলের মৃত্যুর পর বেনের বাবা জেস অস্টিন এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের ছেলেকে হারিয়ে ভাষা হারিয়ে ফেলেছি। ভাবতেই পারছি না যে ক্রিকেটকে বেন নিজের থেকেও এতটা ভালবাসত, সেই ক্রিকেট খেলতে গিয়েই ওর মৃত্যু হল। এর বেশি আর কিছু বলার নেই।’

প্রসঙ্গত, বেনের এই আঘাত যেন ফের একবার স্মৃতির মণিকোঠা থেকে বার করে দিল ২০১৪ সালের শেফিল্ড শিল্ডের ম্যাচের ঘটনাকে। যে ঘটনা প্রাণ কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার ফিলিপ হিউজের। এবার সেই তালিকায় যুক্ত হলেন বেন।