
Bangla Jago Desk, মৌ বসু: নিজেকে সুন্দর দেখতে সবারই ভালো লাগে। নিজের স্বাভাবিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলার জন্যই মেকআপ ব্যবহার করা হয়। মেকআপ ও স্টাইলিংয়ের সঠিক যুগলবন্দি একজন মানুষের ব্যক্তিত্বকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক ভাবে করা মেকআপ যেমন প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতে পারে, মুখের ঔজ্জ্বল্যকে আরও বাড়িয়ে তুলতে পারে তেমনই ভুল মেকআপ ও স্টাইলিংয়ের জন্য পুরো চেহারাই নষ্ট হয়ে যেতে পারে। ভুল মেকআপ প্রয়োগের জন্য নিজের স্বাভাবিক বয়সের চেয়েও বেশি বয়স্ক দেখাতে পারে ও সব সৌন্দর্যকে ম্লান করে দিতে পারে।
মেকআপ করার সময় কোন কোন বিষয় খেয়াল রাখবেন, কোন ভুল একেবারে করবেন না
১) সঠিক শেডের ফাউন্ডেশন বেছে নিন:
ফাউন্ডেশন আপনার ত্বকের ভিত্তি। তাই ফাউন্ডেশন বেছে নেওয়ার আগে মনে রাখবেন আপনার ত্বকের রঙ (কমপ্লেক্সশন) আর ফাউন্ডেশনের রঙ যেন এক হয়। অনেক সময়ই আমরা ত্বকের চেয়ে হালকা শেডের ফাউন্ডেশন ব্যবহার করি যার ফলে ত্বকে সুক্ষ্ম রেখা দেখা যায়। তাই ত্বকের টোন অনুযায়ী সঠিক ফাউন্ডেশন ব্যবহার করুন।
২) ময়েশ্চারাইজার এড়িয়ে যাওয়া:
মুখ ধোয়ার পর আমাদের ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলে। কখনো কখনো ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। তাই মেকআপ করার আগে ময়েশ্চারাইজার এড়িয়ে না গিয়ে অবশ্যই ব্যবহার করুন। ত্বক ভালো ভাবে ময়েশ্চারাইজড হলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়। ত্রুটিহীন দেখায়।
৩) লিপস্টিকের শেড সঠিক ভাবে বেছে নিন:
ভুল শেডের লিপস্টিক ব্যবহার করলেও নিজের স্বাভাবিক বয়সের চেয়েও বেশি বয়স্ক দেখাতে পারে। লিপস্টিকের কোনো নির্দিষ্ট রঙ যতই ট্রেন্ডি হোক না কেন তা যদি আপনার ত্বকের রঙের সঙ্গে না মেলে তাহলে আপনাকে বয়স্ক লাগবে দেখতে। সুন্দর চেহারার জন্য ভেবেচিন্তে লিপস্টিকের শেড বেছে নিন।
৪) ভ্রু হাইলাইট না করা:
ভ্রু প্লাক করা থাকুক কি না থাকুক এটি আমাদের মুখকে নির্দিষ্ট ফ্রেম দেওয়ার কাজ করে। চেহারার সৌন্দর্যকে সম্পূর্ণ করে। মেকআপ করার সময় মুখের আকৃতি অনুযায়ী ভ্রু হাইলাইট না করলে মেকআপ অসম্পূর্ণ দেখায়।



