আপনার প্রিয় লিপস্টিক বা ফাউন্ডেশন কি ত্বকের শত্রু? কী বলছে গবেষণা রিপোর্ট?
গবেষণায় দেখা গেছে, এসব উপাদানের ফলে ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে।
Truth Of Bengal: সৌন্দর্য বাড়ানোর জন্য সকলেই কমবেশি বিভিন্ন রকমের বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন। এসব বিউটি প্রোডাক্ট রোজকার ব্যবহার করা হয়, ত্বকে লাগানোর পর দীর্ঘ সময় ধরে একটানা তা ত্বকে থেকে যায়। এসব বিউটি প্রোডাক্টে থাকা উপাদানের সঙ্গে সূর্যের আলো, তাপ, রোদ ও ত্বকের প্রাকৃতিক বিন্যাসের বিক্রিয়া হয়। গবেষণায় দেখা গেছে, এসব উপাদানের ফলে ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে।
স্বাভাবিক কোষের কার্যকারিতা নষ্ট হয়ে যায় সূর্যের আলোর রশ্মির প্রভাবে। অনেক বিউটি প্রোডাক্টে এমন সব উপাদান থাকে যা সূর্যের আলোর স্পর্শে আসলে ত্বকের ভেতরে ঢুকে যায়। ফাউন্ডেশন, ব্লাশার, লিপস্টিকে থাকা উপাদানের রাসায়নিক বিক্রিয়া হয় সূর্যের আলোর স্পর্শে। ক্রিম, লোশনে রাসায়নিক ফরমালডিহাইড ত্বকের স্বাভাবিক রক্ষাকবচ নষ্ট করে দেয়। জৈবিক ক্রিয়া বিঘ্নিত হয়। এমনকি, ত্বকের ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে।
পেট্রোলিয়ামজাত উপাদানে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এআর ট্রেস থাকে। অর্গানিক মিনারেল পিগমেন্টে কম পরিমাণে ভারী ধাতু থাকে। বিউটি প্রোডাক্টে থাকা এসব রাসায়নিক উপাদান সূর্যের আলোর ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে আনস্টেবল কম্পাউন্ড তৈরি হয় যার জন্য ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয়। ত্বকের কোষ অস্বাভাবিক ব্যবহার করে। ত্বক ফুলে যায়। বিউটি প্রোডাক্টে সীসা, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু থাকলে ত্বকের অ্যান্টিঅক্সিড্যান্ট সিস্টেম বিঘ্নিত হয়। রাসায়নিক মিশ্রিত বিউটি প্রোডাক্ট দীর্ঘ সময় ধরে ব্যবহার করে সূর্যের আলোর স্পর্শে আসলে ত্বক অস্বাভাবিক কালো হয়ে যায়, পিগমেন্টেশন দেখা যায়, ত্বক ফুলে যায় ও লালচে ভাব দেখা যায়।



