Zubeen Garg Birthday: প্রয়াত জুবিন গর্গের প্রথম জন্মদিনে মুখ্যমন্ত্রীর আবেগঘন বার্তা
এই দিনেই তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে অত্যন্ত সংক্ষিপ্ত বার্তা দেন তিনি।
Truth of Bengal: অকালপ্রয়াণের মাত্র দু’মাসের মাথায় ফিরে এল জুবিন গর্গের জন্মদিন। কিন্তু এ বার দিনটি আর উৎসবের নয়, স্মরণ ও শোকের। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অসমের ভূমিপুত্র ও জাতীয় খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যুর পর এই প্রথম জন্মদিনকে কেন্দ্র করে আবারও গভীর আবেগে ভেসে গেল সঙ্গীতমহল।এই দিনেই তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে অত্যন্ত সংক্ষিপ্ত বার্তা দেন তিনি। কিন্তু সেই বার্তাতেই ফুটে ওঠে তাঁর শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রিয়জন হারানোর যন্ত্রণা। মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিখ্যাত বহুমুখী সঙ্গীত প্রতিভা জুবিন গর্গকে তাঁর জন্মদিনে স্মরণ করছি। তাঁর সুর সমস্ত সীমা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত।”
Remembering the versatile musical genius Zubeen Garg on his birthday.
His music transcends boundaries.
— Mamata Banerjee (@MamataOfficial) November 18, 2025
উল্লেখ্য, জুবিনের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে এখনও রহস্য ও আলোচনার রেশ কাটেনি। নিছক দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ,তা নিয়ে চলছে নানা জল্পনা। তবে এসবের উর্ধ্বে একটাই সত্য।জুবিন গর্গের মতো প্রতিভাবান শিল্পীকে হারানো ভারতীয় সঙ্গীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি। মৃত্যুর পরদিনই তাঁকে ‘ভাই’ সম্বোধন করে শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। জন্মদিনেও ভুললেন না সেই সুরের জাদুকরকে। ভাষা ও সংস্কৃতির সীমানা পেরিয়ে জুবিন গর্গের গান ছুঁয়ে গিয়েছে অসংখ্য মানুষের হৃদয়। তাই তাঁর পার্থিব যাত্রা শেষ হলেও, তাঁর সুর আজও জীবন্ত,অনুরাগীদের মনের মণিকোঠায়।





