
The Truth of Bengal: এই ভরা শীতে গত কয়েকদিন দিনের বেলা গায়ে রাখা যাচ্ছিল না গরম পোশাক। রাজ্যবাসীর সংশয় ছিল, তা হলে কি বর্ষবিদায় ও বর্ষবরণে ঠান্ডা থাকবে না? কিছুটা স্বস্তি দিয়ে বছরের শেষদিনে রাজ্যে তাপমাত্রা নেমেছে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল থেকে বইতে থাকে ঠান্ডা হাওয়া। একটু হলেও ঠান্ডা ফেরায় খুশি রাজ্যবাসী। ঠান্ডার মাঝে বর্ষ শেষ ও বরণের উৎসবে মেতেছে মানুষ। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। বাংলার অন্য জেলাগুলির জন্য পূর্বাভাস, আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। তবে সকাল ও সন্ধের দিকে কোনও কোনও জেলায় কুয়াশা থাকতে পারে।
সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। ঠান্ডার আমেজ থাকলেও গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ।






